
জাবি প্রতিনিধি:- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রগতিশীল ছাত্রজোট ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে ধর্মঘট পালন করছে ।
সোমবার সকালে কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের সামনে অবস্থান নেন ছাত্রজোটের নেতাকর্মীরা। এতে বিভিন্ন বিভাগের ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক (নতুন) অনুষদ ভবন, সমাজবিজ্ঞান অনুষদ, ব্যবসায়ী শিক্ষা অনুষদ, জীববিজ্ঞান অনুষদ ও পুরান কলা ভবনের সামনে ছাত্র জোটের নেতাকর্মীরা অবস্থান নিয়ে অবরোধ করে । এতে এসব ভবনের ক্লাস অনুষ্ঠিত হচ্ছে না। তবে কিছু কিছু বিভাগের পূর্ব নির্ধারিত পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হচ্ছে।
ছাত্রজোটের চার দফা দাবির সমর্থন জানিয়ে ইতিহাস বিভাগের (৪৪তম ব্যাচ) শিক্ষার্থী আশিক আল অনিক বলেন, ‘শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার আদায়ে ধর্মঘট পালন করছে। তাই শিক্ষার্থী হিসেবে আমাদের সকল ধরণের ক্লাস বর্জন করা উচিত।’
কলা ও মানবিকী অনুষদের ডিন মোজাম্মেল হক বলেন, আমার কাছে এখনো কেউ বলেনি যে আমরা ক্লাস করতে চাই আমাদের ঢুকতে দিচ্ছে না। আমার মনে হচ্ছে ধর্মঘটের ফলে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।’
ছাত্র জোটের সমন্বয়ক অলিউর রহমান সান বলেন, ক্ষমতাসীন ছাত্র সংগঠনের সন্ত্রাসী ও নিপীড়নমূলক ভূমিকার বিরুদ্ধে আজকের ধর্মঘটে শিক্ষক-শিক্ষার্থীদের সর্বাত্মক সমর্থন একটি প্রতিবাদী দৃষ্টান্ত স্থাপন করবে।’
প্রসঙ্গত, ঢাবির নিপীড়ন বিরোধী শিক্ষার্থীদের কর্মসূচিতে ২৩ জানুয়ারি ছাত্রলীগের হামলার প্রতিবাদে সারাদেশে প্রগতিশীল ছাত্রজোট এ কর্মসূচির ডাক দেয়।