
নিউজ ডেস্কঃ শেরপুর জেলা ছাত্রলীগের নতুন কমিটির নাম প্রকাশের এক দিনের মাথায় অভিযোগের পরিপ্রেক্ষিতে ফের নবগঠিত কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। সেইসঙ্গে অভিযোগ তদন্তের জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের সমন্বয়ে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বাধীন তদন্ত কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল রবিবার রাতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এদিকে,নতুন কমিটির কার্যক্রম স্থগিত ও তদন্তের ঘোষণায় অভিযোগকারী পদবঞ্চিত নেতারা তাদের ডাকা আজ সোমবারের সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহার করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অভিনন্দন জানিয়ে হরতাল প্রত্যাহারের ঘোষণা দিয়ে আজ সোমবার ভোর ৪টার দিকে শহরে মাইকিং করা হয়। দুপুর ১২টর দিকে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ারুল হাসান জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তদন্ত কমিটি শেরপুরের পথে রয়েছে।
জেলা ছাত্রলীগের সূত্রগুলো জানায়, কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসাইন ২৭ জানুয়ারি শেরপুর জেলা ছাত্রলীগের নতুন কমিটির ১২ জনের নাম প্রকাশ করেন। নতুন কমিটিতে শোয়েব হাসান শাকিলকে সভাপতি ও মতিউর রহমান মতিনকে সাধারণ সম্পাদক করা হয়। এ ছাড়া সহ-সভাপতি করা হয়বর্ষণ কারুয়া, রাজিব মালিক, মুনতাজ সারোয়ার এবং রাহি জাওয়ারী রুবেলকে।কমিটিতে চার যুগ্ম সম্পাদক পদে আল-আমিন হোসেন (রাকিব),আরিফ হোসাইন, মো. রাসেল রহমান (আকন্দ) ও আশিকুর রহমান আশিক এবং দুই সাংগঠনিক সম্পাদক করা হয় মেহেদী হাসান মাশুক ও রাকিবুল ইসলাম শিমুলকে। এদিকে,জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির কয়েক নেতার বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে সেই কমিটিকে অবৈধ ঘোষণা করে তা বাতিল দাবিতে সোচ্চার হন ছাত্রলীগ নেতা নাজমুল আলম সম্রাট ও তার সমর্থক নেতাকর্মীরা। তারা ২৮ জানুয়ারি রবিবার সন্ধ্যায় শহরে বিক্ষোভ মিছিল করে ২৯ জানুয়ারি সোমবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেন।