
নিউজ ডেস্কঃ সিলেট সার্কিট থেকে আলিয়া মাদ্রাসা মাঠে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। আলিয়া মাদ্রসায় প্রবেশ করেন ঠিক আজ মঙ্গলবার বিকাল ৩টায়। এরপর তিনি ৩টা ০৩ মিনিটে ১৯টি প্রকল্পের উদ্বোধন ও ১৬টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর আগে,মাজার জিয়ারত শেষে সিলেট সার্কিট হাউজে যান প্রধানমন্ত্রী। সেখানে নামাজ ও মধ্যাহ্ন বিরতির পর আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের জনসভাস্থলে আসেন। সেখানেই প্রকল্পগুলোর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন। এর মধ্যে হযরত গাজী বুরহান উদ্দিনের (র.) মাজার উন্নয়ন, নারীদের জন্য ইবাদতখানা নির্মাণ, মাজারের সৌন্দর্য বর্ধন এবং মাজারের যাতায়াতের প্রধান রাস্তা প্রশস্তকরণ ও উন্নয়ন,সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের নতুন অ্যাকাডেমিক ও প্রশাসনিক ভবন,পিরোজপুরে সার পরীক্ষাগার ও গবেষণাগার ভবন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা অফিস, সিলেট বিভাগীয় ও জেলা এনএসআই কার্যালয় ভবন, সিলেট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, জকিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন তিনি।
এছাড়া হজরত শাহজালালের (র.) মাজারে নারীদের জন্য ইবাদত খানা ও অন্যান্য উন্নয়ন কার্যক্রম,শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বেগম ফজিলাতুন্নেসা হল নির্মাণ, গোয়াইনঘাট উপজেলা পরিষদ ভবন ও হলরুম নির্মাণ,ওসমানী মেডিকেল কলেজে ছাত্র ও ছাত্রীদের দুটি হোস্টেল ভবন নির্মাণ, ২৫০ শয্যার জেলা হাসপাতাল নির্মাণ, ওসমানী মেডিকেলের নার্সিং হোস্টেল ভবন নির্মাণ, সিলেট পুলিশ লাইনসে ব্যারাক ও অস্ত্রাগার নির্মাণ,কোতোয়ালি মডেল থানা কম্পাউন্ডে ডরমিটরি ভবন নির্মাণ,তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট ভবন,সিলেটের লালাবাজারে রেঞ্জ রিজার্ভ পুলিশ লাইনস নির্মাণ, দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য হোস্টেল নির্মাণসহ বেশ কিছু প্রকল্পের ভিত্তিকফলক উন্মোচন করেন তিনি।