
নিউজ ডেস্কঃ বাংলাদেশিদের পর্যটক ভিসার জন্য ই-টোকেন ব্যবস্থা শিগগিরই তুলে দিচ্ছে ভারত।ঢাকায় ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা আজ মঙ্গলবার বিকালে তাঁর কার্যালয়ে এই কথা বলেন।হাইকমিশনার বাংলাদেশ-ভারত সম্পর্কের অগ্রগতির বিভিন্ন দিক তুলে ধরেন।তিনি বলেন, ২০১৫ সালে বাংলাদেশে ভারত সাড়ে সাত লাখ ভিসা ইস্যু করেছিল।গত বছর তা বেড়ে ১৪ লাখে উন্নীত হয়েছে।এই ভিসাগুলোর বেশিরভাগই এক বছর মেয়াদি মাল্টিপল ভিসা।এছাড়া ৬৫ বছর বা তার বেশি বয়সী বাংলাদেশিদের ভারত পাঁচ বছর মেয়াদি ভিসা দিচ্ছে।
তিনি আরো বলেন, গুলশানে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রটি অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে।সেখানে বিশাল হলরুমে অনেক আবেদনকারীর একসঙ্গে বসার ব্যবস্থা থাকবে।ফলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদের অপো করতে হবে না।ঢাকা ও কলকাতার মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেসের উভয় প্রান্তে (যাত্রার শুরু ও শেষে) ইমিগ্রেশন ও কাস্টমস সেবা চালুর বিষয়টি তুলে ধরে ভারতীয় হাইকমিশনার বলেন, এ ধরনের নজির কেবল যুক্তরাজ্য ও ফ্রান্সের মধ্যেই আছে।বাংলাদেশ ও ভারতের মধ্যে সফলভাবে ছিটমহল বিনিময়ের মাধ্যমে সীমান্ত সমস্যা সমাধান প্রসঙ্গে হাইকমিশনার বলেন, উভয় দেশের জন্য এটি বড় রাজনৈতিক চ্যালেঞ্জ ছিল। এখন এর সুফল সবাই পাচ্ছে।