
নিউজ ডেস্কঃ সৌদি আরব ও ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূতের চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। অপরদিকে বেড়েছে ব্রুনাইয়ে বাংলাদেশের হাই কমিশনারের মেয়াদ।আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আদেশ জারি করা হয়েছে। সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ’র চুক্তির মেয়াদ ২৬ জানুয়ারি বা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য বৃদ্ধি করা হয়েছে।বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসীহ’কে ২০১৫ সালের ২১ জানুয়ারি সৌদি আরবের রাষ্ট্রদূত নিয়োগ দেয় সরকার। নিয়োগের পর ২০১৬ সালের ২৪ নভেম্বর তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছিল।
ইটালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদারের চুক্তির মেয়াদ আগামী ২ জুন বা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য বাড়ানো হয়েছে।প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের পদ থেকে অবসরের পর ২০১৬ সালের ২ জুন সোবহান সিকদারকে চুক্তিভিত্তিতে ইটালির রাষ্ট্রদূত নিয়োগ দেয়া হয়েছিল।ব্রুনাইয়ে বাংলাদেশ হাইকমিশনারের দায়িত্ব পালন করছিলেন বিমান বাহিনীর কর্মকর্তা এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসেন। গত ১৮ ডিসেম্বর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান তিনি।মাহমুদ হোসেনের পিআরএল বাতিলের শর্তে গত বছরের ১৯ ডিসেম্বর বা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য ব্রুনাইয়ে বাংলাদেশ হাইকমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।