
নিউজ ডেস্কঃ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,যানজট নিরসনকল্পে ঢাকা শহরের চারপাশে সার্কুলার রুটের (অংশ-২) উন্নয়ন করা হবে। তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য নুরজাহান বেগমের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে আরো বলেন,সার্কুলার রুট (অংশ-২) এর আওতায় তেরমুখ-আব্দুল্লাপুর-ধউর-বিরুলিয়া-গাবতলী-বাবুবাজার-পোস্তগোলা-ফতুল্লা-চাষারা-ডেমরা রুটটি উন্নয়ন করা হবে।মন্ত্রী বলেন,প্রস্তাবিত রুটের ধউর পয়েন্ট এবং গাবতলী পয়েন্টে ২টি ফ্লাইওভার নির্মাণ করার পরিকল্পনা সরকারের রয়েছে। এই দু’টি ফ্লাইওভারের ফিজিবিলিটি স্ট্যাডি ও ডিটেইল ডিজাইনের কাজ চলমান রয়েছে। ওবায়দুল কাদের বলেন,গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রজেক্ট (বিআরটি,গাজীপুর-এয়ারপোর্ট) শীর্ষক প্রকল্পের আওতায় ঢাকা (বনানী),জয়দেবপুর মহাসড়েকের এয়ারপোর্ট মোড়ে ৭শ’ মিটার দীর্ঘ একটি এবং জসিমউদ্দিন মোড়ে ৬শ’ মিটার দীর্ঘ আরও একটি ৬ লেন বিশিষ্ট ফ্লাইওভার নির্মাণ করা হবে।