
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন করেছেন।আজ বৃহস্পতিবার বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে তিনি এ মেলার উদ্বোধন করেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিজেদের শিল্প সাহিত্যের মর্যাদা দিতে না পারলে আমরা পিছিয়ে যাব। বইমেলা শুধু বেচাকেনার মেলা নয়, এই মেলাকে বলা হয় প্রাণের মেলা। এই মেলার মাধ্যমে অনেক নবীন লেখকের জন্ম হয়, সৃষ্টি হয় নতুন পাঠক। বইমেলা জ্ঞানচর্চার দ্বার উন্মুক্ত করে।
প্রধানমন্ত্রী বলেন, অশুভ চক্ররা ভাষা সাহিত্য বোঝে না, মানে না। এ কারণে তারা যখন ক্ষমতায় আসে তখন বাংলা একাডেমির উন্নয়ন হয় না। ভাষাচর্চার জন্য আমরা মাতৃভাষা ইনস্টিটিউট করেছি।আমরা শুধু বাংলা একাডেমি বা ভাষা নিয়ে নয়, পুরো দেশ নিয়ে কাজ করছি। ভাষা, সাহিত্য ও সংস্কৃতি নিয়ে কাজ করতে আমাদের কোন বাধা নেই। কারণ বাংলা ভাষার জন্য আমাদের ছেলে মেয়েরাই প্রাণ দিয়েছে।আন্তরিকতার সঙ্গে কাজ করলে কিছু অর্জন করা যায়। কোমলমতি শিশুদের বইয়ের প্রতি যেন আকর্ষণ বাড়ে এজন্য আমরা প্রতিবছর বই উৎসব পালন করি। বইয়ের প্রতি আকর্ষণ বাড়াতেই এই উৎসব। অবৈধভাবে যারা ক্ষমতায় আসে তাদের মধ্যে আতঙ্ক কাজ করে। এজন্য তারা সৃষ্টিশীল কিছু করতে পারে না।
প্রধানমন্ত্রী পরে তিনি বিভিন্ন স্টল ঘুরে দেখেন।উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের লেখক এগনিস মিডোসম, ক্যামেরুনের ড. জয়েস অ্যাসউন টেনটেন, মিশরের ইব্রাহিম এলমাসরি ও সুইডেনের অরনে জনসন। প্রায় পাঁচ লাখ বর্গফুট এলাকায় ৪৫৫টি প্রতিষ্ঠানকে ৭১৯টি ইউনিট এবং বাংলা একাডেমিসহ ২৪টি প্রকাশনা প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার ৫৩৬ বর্গফুট আয়তনের ২৫টি প্যাভিলিয়ন বরাদ্দ দেয়া হয়েছে। সেই সঙ্গে ১৩৬টি লিটল ম্যাগাজিনকে লিটল ম্যাগাজিন কর্নারে স্টল বরাদ্দ দেয়া হয়েছে।