
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দেশব্যাপী বিশ্ববিদ্যালয়সমূহে ভর্তিচ্ছুকদের ভর্তি সমস্যা নিরসনে সমন্বিত ও সহজ ভর্তি প্রক্রিয়া নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ সন্ধ্যায় বঙ্গভবনে সরকারি বিশ্ববিদ্যালয়সমূহের ৪৫ সদস্য বিশিষ্ট উপাচার্য প্রতিনিধিদল তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানান,সাক্ষাৎকালে রাষ্ট্রপতি প্রতিনিধিদলকে বলেন,বিশ্ববিদ্যালয়সমূহে ভর্তিচ্ছু বিশেষ করে ছাত্রী ও তাদের অভিভাবকদের ভর্তিকালীন দুর্ভোগ কমাতে সমন্বিত সহজ ভর্তি প্রক্রিয়া নিশ্চিত করা দরকার।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় বিশেষ করে মেয়েদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় উল্লেখ করে তিনি বলেন, এমন কি ওই সময় বিভিন্ন এলাকায় তাদেরকে মসজিদেও অবস্থান ক রতে হয়েছে। এই সমস্যায় সমন্বিত সমাধানের উপায় খুঁজে বের করার জন্য তিনি উপাচার্য ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। রাষ্ট্রপতি হামিদ সময়োপযোগী পাঠ্যক্রম এবং বিশ্বমানের গুণগত শিক্ষার সিলেবাস নিশ্চিত করার জন্য সকল বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করেন। ছাত্রছাত্রীদের বিশ্বের সমৃদ্ধ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক সম্প্রদায় প্রধান স্থপতির ভূমিকা পালন করেন উল্লেখ করে রাষ্ট্রপতি প্রচলিত শিক্ষা ব্যবস্থার পাশাপাশি মান সম্পন্ন গবেষণা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
আবদুল হামিদ বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী নিয়োগে তাদের যোগ্যতা ও মেধা যাচাই করে এ ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বিশ্ববিদ্যালয়গুলোতে যে কোন নতুন বিভাগ চালুর ক্ষেত্রে সময়ের চাহিদা বিবেচনা করার জন্য ভিসিগণ এবং অন্যান্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। ছাত্র-শিক্ষক সম্পর্কের কথা তুলে ধরে আবদুল হামিদ শিক্ষক ও ছাত্রদের মধ্যে দূরত্ব হ্রাস এবং শিক্ষকদের সর্বোচ্চ নৈতিকতা ধারণে সকল ভিসিদের প্রতি আহ্বান জানান। ভাইস চ্যান্সেলরবৃন্দ তাদের বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক অবকাঠামোগত উন্নয়ন, একাডেমিক কার্যক্রম বিভিন্ন সমস্যা ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিশ্ববিদ্যালয়গুলোর সার্বিক কার্যক্রম রাষ্ট্রপতিকে অবহিত করেন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান এবং সংশ্লিষ্ট সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।