
নিউজ ডেস্কঃ রাজধানীর মহাখালী ফ্লাইওভারে উল্টে যাওয়া কাভার্ড ভ্যান সরিয়ে নেওয়ায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। দুর্ঘটনায় দীর্ঘ সময় বন্ধ থাকার পর আজ শুক্রবার সকাল ১০টা থেকে আবারও যান চলাচল শুরু হয়। এর আগে,আজ শুক্রবার ভোর ৪টায় সিমেন্ট ভর্তি একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ফার্মগেট থেকে বনানী যেতে মহাখালী ফ্লাইওভারের শুরুতেই এ দুর্ঘটনা ঘটায় বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর গেইট ছাড়িয়ে বিজয় সরণি পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ পথচারীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত চেষ্টা চালিয়ে কাভার্ড ভ্যানটি রাস্তা থেকে সরিয়ে ফেললে যান চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পরিদর্শক রইসুল।