
নিউজ ডেস্কঃ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন,সরকার গুদামে যথেষ্ট খাদ্য পণ্য মজুত করায় দেশে খাদ্যের বাফার স্টক রয়েছে। তিনি আজ ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জাতীয় খাদ্য নিরাপত্তা দিবস’-এর এক অনুষ্ঠানে বলেন, সরকার ক্রমবর্ধমান চাহিদা মেটাতে অতিরিক্ত খাদ্য আমদানি করায় খাদ্য পণ্যের বিষয়ে চিন্তিত হওয়ার কোন কারণ নেই। অর্থমন্ত্রী বলেন,বাংলাদেশ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করায় দেশ এখন চাল রফতানিতে সক্ষম। তিনি বলেন,আমাদের প্রয়োজনের তুলনায় গমের উৎপাদন অনেক কম। যদি আমরা খাদ্য বৈচিত্র্য সঠিকভাবে কাজে লাগাতে পারি, তবে আমরা খাদ্য উৎপাদনে সত্যিকার অর্থে স্বয়ংসম্পূর্ণতায় পরিণত হব।
মুহিত বলেন,ব্রাজিলের রাক্ষুসি মাছ পিরানহার মত খাবারের কিছু শত্রু থাকায় খাবারের নিরাপত্তার বিষয়ে আমাদের সকলের আরো বেশি সতর্ক থাকতে হবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলাম উপস্থিত ছিলেন। খাদ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শাহাবুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুল হক।