
নিউজ ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতির মামলার রায়ের দিন ৮ ফেব্রুয়ারি সংগঠনের নেতা-কর্মীদের মাঠে থাকার নির্দেশ দিয়েছেন ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ। আজ শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে এ নির্দেশ দেন তিনি। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। প্রধান বক্তা ছিলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।
ছাত্রলীগ সভাপতি বলেন,জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৮ তারিখ খালেদা জিয়ার রায় দেবে আদালত। রায়কে কেন্দ্র করে নাশকতার অপচেষ্টা করছে বিএনপি। তারা পুলিশের ওপর হামলা চালিয়েছে,আসামি ছিনতাই করে নিয়েছে,রাইফেল কেড়ে নিয়েছে। তাদের নেতারা উস্কানিমূলক- বক্তব্য দিয়ে মাঠ গরম করার চেষ্টা করছেন। তারা নাশকতার চেষ্টা করছে। রায়ের দিন যদি কোথাও কোনো জ্বালাও-পোড়াও বা ভাঙচুরের চেষ্টা করা হয়,তাহলে তাদেরকে দাঁতভাঙ্গা জবাব দেবে ছাত্রলীগ। তিনি বলেন,ছাত্রলীগের ইতিহাস,বাংলাদেশের ইতিহাস। দেশের মানুষের জানমাল রক্ষায় ছাত্রলীগ কোনো আপোষ করবে না। কেউ আইন ভঙ্গ করলে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করবে। এ সময় দেশের প্রতিটি ইউনিটের নেতা-কর্মীদের সতর্ক থাকার কথা বলেন সোহাগ।
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেল মিয়ার সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন সংসদ সদস্য এডভোকেট ফজিলাতুনন্নেসা বাপ্পি,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার,ছাত্রলীগের সহসভাপতি আল আমিন,মনির হোসেন, উপ-সম্পাদক শাহীন আলম, মুরাদ হায়দার টিপু, ইফতেখার আহমেদ চৌধুরী সজীব, নাঈমুর রহমান রুবেল আহমেদ প্রমুখ।