
নিউজ ডেস্কঃ সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে আগামীকাল রবিবার থেকে মাঠে নামছে যুবলীগ।একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রায়কে ঘিরে বিএনপি-জামায়াতের সহিংসতা-সন্ত্রাস রাজপথে থেকে মোকাবিলা করবে সংগঠনটি।আগামীকাল রবিবার বিকালে গুলিস্তানের ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ।ওই সমাবেশ থেকেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি নিয়ে রাজধানীতে সক্রিয় থাকবে দক্ষিণ যুবলীগ।
সংগঠনের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট বলেন, যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর নিদের্শে রবিবার থেকে বিএনপি-জামায়াতের সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহত করতে রাজপথে নামবো।শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে উন্নয়নের যে অগ্রযাত্রা শুরু হয়েছে তার ধারাবাহিকতার জন্য আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে।সে কারণে নির্বাচনের আগে সন্ত্রাসী-জঙ্গির লালন-পালনকারী বিএনপি-জামায়াতকে আগে কোন ধরনের সন্ত্রাস-নৈরাজ্য করতে দেওয়া হবে না। আমরা রাজপথে থেকেই মোকাবিলা করবো। যেখানেই সন্ত্রাস-নৈরাজ্য করা হবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে।
আগামীকাল রবিবার গুলিস্তানের দলীয় কার্যালয়ের সামনে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। ওই সমাবেশে ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন, যুবলীগ সাধারণ সম্পাদক হারুনুর রশিদ।