
নিউজ ডেস্কঃ চলতি বছরের জুলাই মাসেই বাংলাদেশে চালু হচ্ছে ই-পাসপোর্ট সেবা।জার্মানির একটি কোম্পানির সঙ্গে এরইমধ্যে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।এই পরিষেবা চালু হলে বাংলাদেশ ঢুকবে নতুন যুগে।অত্যাধুনিক প্রযুক্তির এ পাসপোর্টের একটি চিপ সহজ করে দেবে বিশ্বভ্রমণ।প্রধানমন্ত্রী শেখ হাসিনা ই-পাসপোর্টের নমুনা কপি (Specimen copy) এরইমধ্যে অনুমোদন দিয়েছেন।যেটি বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার পথে প্রধানমন্ত্রীর আরেকটি যুগান্তকারী পদক্ষেপ।
বর্তমানে ই-পাসপোর্ট বা ইলেকট্রনিক পাসপোর্ট চালু রয়েছে বিশ্বের ১১৮টি দেশে।১১৯ নম্বর দেশ হিসেবে ই-পাসপোর্টের যুগে ঢুকে পড়া এগিয়ে রাখবে বাংলাদেশকে।নিরাপত্তা চিহ্ন হিসেবে ই-পাসপোর্টে থাকবে চোখের মণির ছবি ও আঙুলের ছাপ।আর এর পাতায় থাকা চিপসে সংরক্ষিত থাকবে পাসপোর্টধারীর সব তথ্য।ফলে কঠিন হবে পরিচয় গোপন করা।প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী ই-পাসপোর্টের কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে চলছে জানিয়েছেন স্বরাষ্ট্রসচিব (সুরক্ষা সেবা বিভাগ) ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী।জার্মানির প্রযুক্তি নিয়ে জিটুজির মাধ্যমে বাংলাদেশে ই-পাসপোর্ট করা হবে।এরই মধ্যে একটি চুক্তিও সই হয়েছে।ই-পাসপোর্ট শুরু হলে সেবার মান আরো বাড়বে।এতে জালিয়াতি রোধ করা সম্ভব হবে।এর জন্য উড়োজাহাজ, স্থল ও নৌবন্দরে ই-গেট স্থাপন করা হবে। ইমিগ্রেশন চেকপোস্ট পেরিয়ে যাওয়া ই-পাসপোর্টধারী ব্যক্তি লাইনে না দাঁড়িয়েই স্বয়ংক্রিয়ভাবে ইমিগ্রেশন শেষ করতে পারবেন। এতে সময় ও ভোগান্তি কমবে।