
নিউজ ডেস্কঃ নিম্ন আদালত নিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যে আইনমন্ত্রী আনিসুল হক বলেন,উনি যে কথা বলেছেন,সেটা অসত্য। আইনমন্ত্রী বলেছেন,আমরা সকলেই বাংলাদেশের বিচার বিভাগের এবং বিচারালয়ের প্রতি শ্রদ্ধাশীল এবং সেটাই সকলের ব্যক্ত করা উচিত। রাজধানীর গুলশান-২-এর একটি অভিজাত হোটেলে আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে আইনমন্ত্রী আনিসুল হক গণমাধ্যমকর্মীদের এক সেমিনার শেষে এসব কথা বলেন।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গতকাল শনিবার বিএনপির নির্বাহী কমিটির সভায় বলেন,সবাই জানে স্বাধীন বিচার বিভাগ,কিন্তু স্বাধীন নয়। তারা সবচেয়ে পরাধীন। তারা কিছু করতে পারে না,তারা শুধু হুকুমের নির্দেশ মানতে বাধ্য হয়। সর্বোচ্চ আদালতও বলছেন,দেশের নিম্ন আদালত সরকারের কবজায়। ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ মামলার রায়ের দেওয়ার দিন নির্দিষ্ট করেছেন আদালত। ওই রায় নিয়ে এখন দুই প্রধান দলের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। রায়ের আগে গতকাল নির্বাহী কমিটির বৈঠক ডাকে বিএনপি। ওই সভায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আরও বলেন,বিচার কোথায়? যেখানে অপরাধই নেই,সেখানে বিচারটা হবে কিসের? তারপরও তারা গায়ের জোরে বিচার করতে চায়। গায়ের জোরে কথা বলতে চায়।
আদালত নিয়ে খালেদা জিয়ার এসব মন্তব্যের বিষয়ে আজ আইনমন্ত্রী আনিসুল হক বলেন,আমি দুঃখিত,উনি এ কথা বলেছেন এবং এটা সম্পূর্ণ অসত্য। আমি আগেও বলেছি এখনো বলছি,বিচার হয়েছে আদালতে,সাক্ষ্য-প্রমাণ হয়েছে এবং সেই সাক্ষ্য-প্রমাণ বিবেচনায় নিয়ে নিম্ন আদালতের বিজ্ঞ বিচারক এই রায় দেবেন।