News71.com
 Bangladesh
 04 Feb 18, 06:51 AM
 135           
 0
 04 Feb 18, 06:51 AM

পরিকল্পনার মাধ্যমে দাবি পূরণ করা হবে।।প্রধানমন্ত্রী শেখ হাসিনা

পরিকল্পনার মাধ্যমে দাবি পূরণ করা হবে।।প্রধানমন্ত্রী শেখ হাসিনা


নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,বিক্ষোভ করলেই সরকারের পক্ষে দাবি পূরণ সম্ভব নয়,কারণ সরকার পরিকল্পনা এবং বাজেট ছাড়া দাবি পূরণ করতে পারে না। দাবি আদায়ে রাজপথে আন্দোলনরত শিক্ষকদের একটি অংশের প্রতি ইঙ্গিত করে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন,সরকারের শেষ বছরে এসে কেউ যদি মনে করেন সরকারের এটা শেষ বছর কাজেই দাবি করলেই আমরা সব শুনে ফেলব,সেটা সম্ভব নয়। কারণ আমাদের একটা বাজেট দিয়ে পরিকল্পিতভাবে চলতে হয়। তিনি বলেন,কোথায় কোথায় সরকারীকরণ করতে হবে,কোন নীতিমালার ভিত্তিতে করতে হবে,সেটাওতো একটা নীতিমালার ভিত্তিতেই হতে হবে। যখন-তখন যে কেউ দাবি করলে সেটাতো পূরণ করা সম্ভব নয়। সেটা সবাইকে অনুধাবন করতে হবে। আজ রবিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই সহস্রাধিক কলেজ অধ্যক্ষের অংশগ্রহণে আয়োজিত ‘শিক্ষা সমাবেশ’ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রী দেশের সম্পদের সীমাবন্ধতার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন,দিলেই আরো দাও আরো দাও করলে আমরা দিতে অপারগ হবো,কারণ আমাদের একটা বাজেট দিয়ে পরিকল্পিতভাবে চলতে হয়। ক্ষমতায় থাকার জন্যই কেবল রাজনীতি করেন না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন,শিক্ষকতাকে একটি মহৎ পেশা,আপনাদের হাতেই রয়েছে জাতির ভবিষ্যত। একজন শিক্ষকের কাছে আমি এটুকুই চাই আপনারা কতটুকু দিতে পারলেন,করতে পারলেন। কি ধরনের শিক্ষাটা আপনারা দিয়ে যেতে পারলেন যাতে ভবিষ্যত প্রজন্ম দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে,দেশকে আরো উন্নত করতে পারবে- সেটাই হচ্ছে বড় কথা।

প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বর্তমান সরকার দেশের বাজেট ৪ লাখ ২৬৬ কোটি টাকায় উন্নীত করে দেশকে সাধ্যমত এগিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে বলেন,সকলের বেতন-ভাতা অনুদান তাঁর সরকার বাড়িয়ে দিয়েছে,সরকারী-বেসরকারী সব জায়গায় সহযোগিতা করে যাচ্ছে,কাউকে বঞ্চিত করা হচ্ছে না। জাতির জনকের স্বপ্ন অনুয়ায়ী দেশের মানুষের মুখে হাসি ফোটানোই তাঁর লক্ষ্য উল্লেখ করে শেখ হাসিনা বলেন,ক্ষমতাকে কেন্দ্র করে নিজের বা দলের সম্পদ গড়ে তোলা বা নিজেরা সম্পদশালী হওয়া তাঁর নীতি নয়। প্রধানমন্ত্রী বলেন,পরিবর্তনশীল বিশ্বে তাল মিলিয়ে চলতে হলে শিক্ষকদের আরো আধুনিক হতে হবে। শিক্ষিত জাতি ছাড়া একটা দেশে উন্নয়ন সম্ভব নয়। মেধাশূন্য দেশ এগিয়ে যেতে পারে না।

শেখ হাসিনা বলেন, জাতির পিতার দিক নির্দেশনায় প্রণীত ১৯৭২ সালের সংবিধানের ১৭ নং অনুচ্ছেদে শিক্ষাক্ষেত্রে রাষ্ট্রের নীতি-আদর্শ অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে ‘একই পদ্ধতির গণমুখী ও সার্বজনীন শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা’ নির্ধারিত স্তর পর্যন্ত সকল বালক-বালিকাকে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদান’ এবং ‘সমাজের প্রয়োজনের সহিত শিক্ষাকে সঙ্গতিপূর্ণ’ করার কথা বলা হয়েছে। ২১ বছর পর ১৯৯৬ সালে রাষ্ট্র ক্ষমতায় এসে তাঁর সরকার জাতির পিতার নীতি ও আদর্শকে ধারণ করে শিক্ষার প্রসার ও উৎকর্ষ সাধনে নানা ধরনের উদ্যোগ নেয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন,বিএনপি কখনই দেশে শিক্ষার হার বাড়াতে পারেনি। উপরন্ত,কমিয়ে দিয়েছিল।

তিনি বলেন,বিএনপি ২০০১- এ ক্ষমতায় এসে দেশের সাক্ষরতার হার তাঁর সরকারের রেখে যাওয়া ৬৫ দশমিক ৫ ভাগ থেকে কমিয়ে ৪৪ শতাংশে নিয়ে আসে। অথচ, বর্তমানে দেশে সাক্ষরতার হার ৭২ দশমিক ৩ শতাংশ, যা আরো বাড়ছে। সরকার প্রধান বলেন,মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে জাতির পিতা যুদ্ধ বিধ্বস্থ দেশ গড়ে তোলার সময়ই প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করেছিলেন। তিনি নারী শিক্ষার প্রতি গুরুত্ব দিয়ে তাদের শিক্ষাও অবৈতনিক করেছিলেন। প্রধানমন্ত্রী বলেন,জাতির পিতা সকল দল-মত নির্বিশেষ জাতিকে ঐক্যবদ্ধ করে জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলেন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নেওয়ার পদক্ষেপ নিয়েছিলেন। বঙ্গবন্ধু কন্যা বলেন,জাতির পিতা আর অন্তত ৩ বা ৪ বছর সময় পেলেই বাংলাদেশ আর পিছিয়ে থাকতো না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন