
নিউজ ডেস্কঃ জামালপুর-সরিষাবাড়ি লাইনের বাউসি ফুলবাড়িয়া রেলওয়ের লেভেল ক্রসিংয়ে ময়মনসিংহ থেকে যমুনা সেতুগামী যাত্রীবাহী ধলেশ্বরী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ সোমবার বেলা আড়াইটার দিকে একটি যাত্রীবাহী নছিমনগাড়ি লেভেল ক্রসিং পার হওয়ার সময় রেললাইনে আটকা পড়লে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নছিমন গাড়ির চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তার বাড়ি টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায়। দুর্ঘটনার পর জামালপুর-সরিষাবাড়ি রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
সরিষাবাড়ি রেল স্টেশনের মাস্টার আব্দুর রাজ্জাক জানান,ময়মনসিংহ থেকে যমুনা সেতু পূর্ব স্টেশনগামী ধলেশ্বরী ট্রেন সরিষাবাড়ির বাউসি ফুলবাড়িয়া রেলক্রসিং অতিক্রমের সময় একটি নছিমনকে ধাক্কা দেয়। এ সময় ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয় এবং একজন মারা গেছে। খবর পেয়ে ময়মনসিংহের কেওয়াটখালী থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে বলে জানিয়েছেন তিনি।