News71.com
 Bangladesh
 07 Feb 18, 11:48 AM
 153           
 0
 07 Feb 18, 11:48 AM

যেকোনো পরিস্থিতির জন্য আমি প্রস্তুত।।বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

যেকোনো পরিস্থিতির জন্য আমি প্রস্তুত।।বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া


নিউজ ডেস্কঃ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘিরে যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেছেন,তিনি বেকসুর খালাস পাবেন। খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার কথা রয়েছে আগামীকাল বৃহস্পতিবার। এ রায়কে ঘিরে দেশব্যাপী রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। রায় নিয়ে জনমনে চলছে নানা আলোচনা। পুলিশ দেশব্যাপী বিশেষ করে রাজধানীতে ব্যাপক ধর পাকড় শুরু করেছে। কাল থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ঢাকায় মিছিল করার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এই পরিস্থিতির মধ্যে আজ বুধবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন খালেদা জিয়া। এ সময় তিনি জনগণকে সতর্ক থাকার আহবান জানান এবং ন্যায়বিচার হলে খালাস পাওয়ার আশা প্রকাশ করেন। এ সময় পরিবারের কথা বলতে গিয়ে আবেগ প্রবণও হয়ে পড়েন তিনি। খালেদা জিয়া বলেন,আমি খালেদা জিয়া কোনো অন্যায় করিনি। দুর্নীতি করিনি। জিয়া অরফানেজ ট্রাস্টের সঙ্গে কোনোভাবেই আমি জড়িত না। এর কোনো টাকা সরকারি না। এক টাকাও তছরুপ হয়নি। বরং সুদে আসলে সেই টাকা তিনগুণ হয়েছে। তিনি বলেন,ন্যায়বিচার হলে কাল আমার কিছু হবে না। বেকসুর খালাস পাব। বরং যারা মামলা করেছে তাদের বিচার হওয়া উচিত। আর শাসক মহলকে তুষ্ট করার জন্য রায় হলে ন্যায়বিচার পাব না। খালেদা জিয়া বলেন,আমি যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তত। এ সরকার খালি মাঠে গোল দেওয়ার জন্য এসব করছে। তাদের খায়েস পূরণ হবে না।

তিনি জনগণকে সতর্ক থাকার আহবান জানিয়ে বলেন,অনেক ফাঁদ পাতা হবে। ষড়যন্ত্র হবে। সবাই সতর্ক থাকবেন। বুঝে শুনে কাজ করবেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি তিনি বলেন,জনগণের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেবেন না। নির্বাচন নিয়ে আলোচনার প্রত্যাশা জানিয়ে খালেদা জিয়া বলেন,এখনো আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ নির্বাচন হতে পারে। আওয়ামী লীগের নেতৃত্বের মধ্যে শুভ বুদ্ধির উদয় হোক। দেশ এখন বৃহত্তর কারাগার। জনগণের শাসন কায়েম করে দেশকে মুক্ত করতে হবে। তিনি বলেন,আসুন আলোচনার মাধ্যমে সুষ্ঠু নির্বাচন করি। আমাদের বয়স হয়েছে। ভবিষ্যত প্রজন্মের জন্য সুন্দর দেশ গড়ে যাই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন