
নিউজ ডেস্কঃ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় আজ বৃহস্পতিবার ঘোষণা করা হচ্ছে। এদিকে রায়কে কেন্দ্র করে শিক্ষা ভবনের উল্টো দিকে হাইকোর্টের গেটে অবস্থান নিয়েছেন বিএনপিপন্থী আইনজীবীরা। সকাল ৯টা থেকে শতাধিক আইনজীবী সেখানে অবস্থান নেন। এ সময় সেখানে বসা নিয়ে সকালে আইনজীবীদের সঙ্গে পুলিশের হাতাহাতি হয়। সকাল ১০টার দিকে আইনজীবীরা একবার গেট থেকে বের হয়ে সামনের সড়কে অবস্থান নেন। তবে পুলিশ তাদের সেখানে বসতে দেয়নি। এ সময় পুলিশের উপর বিএনপিপন্থী আইনজীবীরা চড়াও হয়। পুলিশের সঙ্গে আইনজীবীদের হাতাহাতি হলেও পরে পরিস্থিতি পরে শান্ত হয়।
বেলা সাড়ে ১১টার দিকে ওই এলাকা থেকে সাইফুল নামে একজনকে আটক করেছে পুলিশ। কয়েকজন আইনজীবী বলেন,বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী হিসেবে ওকালতনামায় নাম থাকলেও পুলিশ তাদের আদালতে যেতে দিচ্ছে না। অবশ্য সেখানে কর্তব্যরত পুলিশ সদস্যরা বলেছেন, নির্দেশ অনুযায়ী তারা সড়কে কাউকে বসতে দিচ্ছেন না। এজন্য আইনজীবীদের সঙ্গে তারা কোনো খারাপ ব্যবহার করেননি। তবে তাদের বসার অনুমতি নেই।