
নিউজ ডেস্কঃ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের সাজা দিয়েছেন আদালত। রায় নিয়ে প্রতিক্রিয়া জানানোর কিছু নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, রায়ে আমরা খুশি না অখুশি, এটা বড় বিষয় নয়। আদালত রায় দিয়েছেন,আমরা সেটাকে সম্মান করি। আজ বৃহস্পতিবার রায়ের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। এরশাদের রাজনৈতিক সচিব ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় এরশাদকে উদ্ধৃত করে বলেন,স্যার (হোসেইন মুহম্মদ এরশাদ) এরচেয়ে বেশিকিছু বলতে চান না। এর বেশি প্রতিক্রিয়া নেই।
আজ বৃহস্পতিবার দুপুর ২টা ১৫ মিনিটে রাজধানীর বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নম্বর বিশেষ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করেন। রায়ে খালেদা জিয়ার পাঁচ বছর কারাদণ্ড দেন তিনি। মামলার অন্য আসামিদের ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে তাদের সবার ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা করে জরিমানা করেন আদালত।বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এই মামলার প্রধান আসামি। এ ছাড়া মামলায় অন্য আসামিরা হলেন, তার ছেলে তারেক রহমান, সাবেক এমপি কাজী সলিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান। মামলার শুরু থেকেই তারেক রহমান, ড. কামাল সিদ্দিকী ও মমিনুর রহমান পলাতক।