News71.com
 Bangladesh
 09 Feb 18, 02:18 AM
 113           
 0
 09 Feb 18, 02:18 AM

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন তারেক রহমান।।  

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন তারেক রহমান।।   

নিউজ ডেস্কঃ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলে উল্লেখ করা হয়েছে। গতকালই জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড হয়। তিনি এখন পুরোনো কেন্দ্রীয় কারাগারে আছেন। এ মামলায় তারেক রহমানসহ আর ৫ আসামির ১০ বছর করে কারাদণ্ড হয়। বিএনপির নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন লন্ডনে আছেন। গতকাল রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ওই বিজ্ঞপ্তি পাঠান। ওই বিবৃতিকে ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিবৃতি’ বলে উল্লেখ করা হয়। রাতে রুহুল কবির রিজভী বলেন,তারেক রহমান এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ১৯৮৪ সালে খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন হওয়ার পর কেউই দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হননি।

এরশাদবিরোধী আন্দোলনের সময় তিনবার খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়। তাঁকে সে সময় ঢাকা সেনানিবাসের বাড়িটিতেই গৃহবন্দী রাখা হয়। তখন দলটির চেয়ারম্যান হিসেবে কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। ১৯৯০ সালে এরশাদবিরোধী আন্দোলনের অন্তিম পর্যায়ে আত্মগোপনে যান খালেদা জিয়া। তখনো এ দলের কেউ দায়িত্ব পাননি। জরুরি অবস্থার সময় ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর গ্রেপ্তার হন খালেদা জিয়া। এক বছরের বেশি সময় তাঁকে বন্দী রাখা হয়েছিল একটি বাড়িতে। পাশের বাড়িতেই ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক-এগারোর সরকার’ নামে বহুল পরিচিত ওই সেনা-সমর্থিত সরকারের সময় খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিএনপির স্থায়ী কমিটির এক বৈঠকে কমিটির সদস্য সাইফুর রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছিল। তবে তা সব সদস্যের সমর্থনে হয়নি। আর তাই সাইফুর রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার চেষ্টা হালে পানি পায়নি। এই প্রথম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়া তারেক রহমান গতকালের দুর্নীতির মামলায় শুধু কারাদণ্ডই পাননি,অন্য আসামিদের সঙ্গে তাঁকে ২ কোটি ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন