
নিউজ ডেস্কঃ শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দায়িত্বশীল নেতৃত্বের কারণে বাংলাদেশ এখন বিশ্বের বুকে মর্যাদাশীল একটি রাষ্ট্রে পরিণত হয়েছে।আজ শনিবার দুপুরে ঝালকাঠির নবগ্রাম মডেল হাইস্কুল মাঠে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু এ কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশ ক্রমাগতভাবে এগিয়ে যাচ্ছে।এক সময় আমাদের দেশের বাজেট হতো বিশ্বব্যাংক ও আইএমএফ এর টাকায়। আজ সেই অবস্থা নেই, আমরা নিজেরাই স্বয়ংসম্পন্ন। নিজেদের টাকায় আমরা দেশের সবচেয়ে বড় একটি সেতু নির্মাণের কাজ শুরু করেছি। এই পদ্মাসেতু নির্মিত হলে দক্ষিণাঞ্চলে যাতায়াতে সময় কম লাগবে। এ অঞ্চলেও শিল্পকারখানা গড়ে ওঠবে।তাই বিশ্ববাসী ধারণা করছে বাংলাদেশ ২০৪১ সালের আগেই উন্নত দেশে পরিণত হবে।দেশে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হলে আগামীতেও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।এসময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান।