
নিউজ ডেস্কঃ মোদের গরব-মোদের আশা,আ মরি বাংলা ভাষা।এক জাতি, এক ভাষা, এক সংস্কৃতি।শুধু মাঝখানে কাঁটাতারের বেড়া।মাতৃভাষার টানে দুই বাংলার সেই ব্যবধান ঘোচাতে উদ্যোগী হয়েছে বাংলাদেশ ও ভারত।এবারে ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে পেট্রাপোল ও বেনাপোল সীমান্তের জিরো পয়েন্টে দু’দেশের একটি মঞ্চ তৈরি হবে।সেখানেই উদযাপিত হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।এর জন্য সীমান্তের দু’পাশে একই ধরনের হোর্ডিং তৈরি করা হচ্ছে। শুধু বদলাচ্ছে ছবির মুখ।পশ্চিমবঙ্গের হাবড়া থেকে বনগাঁ হয়ে সীমান্ত পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে সেজে উঠবে।আবার রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকবে বাংলাদেশের বেনাপোল থেকে যশোর পর্যন্ত।ভাষা দিবসের অনুষ্ঠানের মধ্যমণি হয়ে উঠবেন দুই বাংলার দুই অগ্নিকন্যা।
২১শে ফেব্রুয়ারি উপলক্ষে প্রতি বছরই বাংলাদেশ–ভারত সীমান্ত লাগোয়া অঞ্চলে আলাদাভাবে তৈরি হয় মঞ্চ। ভারত সরকারের তরফ থেকে মঞ্চ তৈরি হয় পেট্রাপোলে। আর বেনাপোলে তৈরি হয় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। বাঙালির অনুষ্ঠান হলেও দুই মঞ্চে চলে দু’দেশের পৃথক অনুষ্ঠান।এই দূরত্ব ঘোচাতে গত বছর প্রথম সীমান্তের জিরো পয়েন্টে দু’দেশের পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। তা সফল হওয়ায় এবার জিরো পয়েন্টেই একযোগে ভাষা দিবস পালিত হবে।