News71.com
 Bangladesh
 11 Feb 18, 11:23 AM
 111           
 0
 11 Feb 18, 11:23 AM

রোমের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।।  

রোমের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।।   

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রবিবার সকাল ১০টা ৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রোমের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট (ইফাদ)-এর পরিচালনা পর্ষদের বার্ষিক অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রীর এ সফর। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। ইফাদ-এর প্রেসিডেন্ট গিলবার্ট এফ হুনগবোর আমন্ত্রণে প্রধানমন্ত্রী সেখানে যাচ্ছেন। পোপ ফ্রান্সিসের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলি সি (ভ্যাটিকান সিটি) সফর করবেন,সেখানে তিনি পোপ ফ্রান্সিসের সঙ্গেও বৈঠক করবেন।

প্রধানমন্ত্রী ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা পৌনে ৭টায় রোমের ফিউমিসিনো বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন। রোমে যাওয়ার পথে প্রধানমন্ত্রী প্রায় দুই ঘণ্টার জন্য দুবাইয়ে যাত্রাবিরতি করবেন। পোপ ফ্রান্সিসের সঙ্গে বৈঠক করতে প্রধানমন্ত্রী ১২ ফেব্রুয়ারি ভ্যাটিকান সিটি সফর করবেন। তিনি সেখানে সেক্রেটারি স্টেট অব ভ্যাটিকান সিটি কার্ডিনাল পেইটরো পারোলাইনের সঙ্গে বৈঠক করবেন। এর আগে পোপ ফ্রান্সিস শেখ হাসিনার আমন্ত্রণে গত ৩১ নভেম্বর থেকে ২ ডিসেম্বর বাংলাদেশ সফর করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৩ ফেব্রুয়ারি সকালে রোমে ইফাদ-এর সদর দফতরে গভর্নিং কাউন্সিলের ৪১তম বৈঠকের উদ্বোধনী অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। আইএফএডির গভর্নিং কাউন্সিলের প্রতিপাদ্য বিষয় হচ্ছে- ‘ফ্রম ফ্রাজিলিটি টু লং টার্ম রেজিলেন্স : ইনভেস্টিং ইন সাসটেইনেবল রুরাল ইকোনমিকস’। প্রধানমন্ত্রী মূল প্রবন্ধে তাঁর সরকারের অন্যান্য উন্নয়ন উদ্যোগ ছাড়াও দেশের সাফল্য এবং কৃষি খাতের অর্জন তুলে ধরবেন। প্রধানমন্ত্রী সম্মেলনের কী-নোট স্পিকারদের সম্মানে ইফাদ প্রেসিডেন্টের দেওয়া মধ্যাহ্নভোজে যোগ দেবেন। ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় শেখ হাসিনা রোমের পারকো দেই প্রিনসিপি গ্র্যান্ড হোটেল অ্যান্ড এসপিএ প্রবাসী বাংলাদেশিদের এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। তিনি আবুধাবী হয়ে ১৫ ফেব্রুয়ারি দেশে ফিরবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন