News71.com
 Bangladesh
 11 Feb 18, 09:33 AM
 98           
 0
 11 Feb 18, 09:33 AM

খালেদা জিয়ার মুক্তির দাবিতে পৃথক কর্মসূচির সিদ্ধান্ত ২০ দলের।।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে পৃথক কর্মসূচির সিদ্ধান্ত ২০ দলের।।

নিউজ ডেস্কঃ বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পৃথক কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে ২০ দলীয় জোট। পাশাপাশি ২০ দলীয় জোট প্রসারিত করার উদ্যোগের সব আন্দোলন কর্মসূচি ঐক্যবদ্ধভাবে করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রবিবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে। বৈঠকটি বিকেল ৫ টায় শুরু হয়ে সোয়া ৬ টায় শেষ হয়।

মির্জা ফখরুল বলেন, বৈঠকে ২০-দলীয় জোট এই স্বৈরাচারী সরকারের গণতন্ত্র বিরোধী কর্মকাণ্ডের তীব্র নিন্দা করেছে। আসন্ন নির্বাচন যাতে সব দলের অংশগ্রহণে হতে পারে,এজন্য সহায়ক সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানানো হয়েছে। তিনি বলেন,বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান টেলিফোনে বক্তব্য দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে বলেছেন। খালেদা জিয়াই ২০ দলের নেত্রী। আর দলের মহাসচিব হিসেবে আমি সমন্বয়কের দায়িত্ব পালন করবো। তিনি বলেন,খালেদা জিয়াকে সাজা দেওয়ার প্রতিবাদে শুধু বিএনপি নয়,২০-দলীয় জোটের পক্ষ থেকে কর্মসূচি দেওয়া হবে। এ ছাড়া বিএনপির দেওয়া কর্মসূচিগুলোতে শুধু একাত্মতা ঘোষণাই নয়,আগামীতে সক্রিয়ভাবে ২০ দল অংশগ্রহণ করবে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতের মাওলানা আব্দুল হালিম, কল্যাণ পার্টির মেজর জেনারেল (অব) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিজেপির ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, এলডিপির ড. রেদওয়ান আহমেদ, এনডিপির গোলাম মোর্তুজা, জাগপার অধ্যাপিকা রেহেনা প্রধান, লেবার পার্টির ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামী ঐক্যজোটের অ্যাড. আব্দুর রকিব, জাপার মোস্তফা জামাল হায়দার, এনপিপির ড. ফরিদুজ্জামান ফরহাদ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন