
নিউজ ডেস্কঃ আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন,আইন অনুযায়ী কেউ নির্বাচনে যেতে না পারলে তার জন্য সরকার দায়ী থাকবে না। তিনি আরো বলেন,সরকার এত ভীত নয় যে কাউকে বাইরে রেখে নির্বাচন করবে। তবে আইন অনুযায়ী কেউ নির্বাচনে যেতে না পারলে তার দায়ভার সরকারের নয়। আজ রবিবার জাতীয় আইন প্রশিক্ষণ কেন্দ্রে জেলা জজদের এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। এ প্রসঙ্গে আইনমন্ত্রী আরো বলেন,খালেদা জিয়া নির্বাচনে যেতে পারবে কি পারবে না,এ বিষয়ে উচ্চ আদালতের দুটি রায় আছে। রায় অনুয়ায়ী এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন সুপ্রিম কোর্ট ও নির্বাচন কমিশন।
মন্ত্রী বলেন,আইন সম্পূর্ণ স্বাধীন। আইন আইনের মতো চলবে। অনর্থক হুমকি-ধমকি দিয়ে সরকারকে আইনবিরোধী কিছু করার চাপ দিয়ে কোনো লাভ হবে না। এ ছাড়াও আনিসুল হক বলেন,জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আদালত খালেদা জিয়াকে সাজা দিয়েছেন। এখন নিয়ম অনুযায়ী তিনি আপিল করবেন। আপিল গ্রহণের পর তিনি জামিন চাইলে আবেদন করতে পারেন। এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন আদালত। সেখানে সরকারের তো কিছু করার নেই। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইন সচিব আবু সালেহ মোহাম্মদ জহুরুল হক ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক বিচারপতি মুসা খালেদ।