
নিউজ ডেস্কঃ বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন,বর্তমান সরকারের দুই মেয়াদে এ পর্যন্ত মোট ৮ হাজার ৮১৯ মেগাওয়াট ক্ষমতার ৮৮টি বিদ্যুৎ কেন্দ্র বাণিজ্যিকভাবে চালু রয়েছে। তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য আ ফ ম বাহাউদ্দিন (নাছিম) এর এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন,এই বিদ্যুৎ কেন্দ্রগুলো ছাড়াও নতুন নতুন তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের লক্ষ্যে কার্যক্রম চলছে। বর্তমানে মোট ১৩ হাজার ৮১৩ মেগাওয়াট ক্ষমতার ৪৫টি তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণাধীন রয়েছে। এ বিদ্যুৎ কেন্দ্রগুলো ২০১৮ থেকে ২০২৪ সালের মধ্যে পর্যায়ক্রমে চালু হবে। নসরুল হামিদ বলেন,৪ হাজার ১৮০ মেগাওয়াট ক্ষমতার ১৯টি তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের দরপত্র প্রক্রিয়াধীন রয়েছে। এ বিদ্যুৎ কেন্দ্রগুলো ২০১৮ থেকে ২০২৩ সালের মধ্যে পর্যায়ক্রমে চালু হবে। তিনি বলেন,এ ছাড়া মোট ২০ হাজার ৫১৭ মেগাওয়াট ক্ষমতার ১৬টি তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ পরিকল্পনাধীন রয়েছে।