News71.com
 Bangladesh
 11 Feb 18, 11:04 AM
 158           
 0
 11 Feb 18, 11:04 AM

সংসদে গাজীপুরে স্বতন্ত্র পুলিশ বাহিনী গঠনের প্রস্তাব করে বিল পেশ

সংসদে গাজীপুরে স্বতন্ত্র পুলিশ বাহিনী গঠনের প্রস্তাব করে বিল পেশ

 

নিউজ ডেস্কঃ গাজীপুর মহানগর এলাকার জন্য স্বতন্ত্র একটি পুলিশ বাহিনী গঠনের বিধানের প্রস্তাব করে আজ রবিবার সংসদে গাজীপুর মহানগরী পুলিশ বিল,২০১৮ উত্থাপন করা হয়েছে।স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বিলটি উত্থাপন করেন। বিলে গাজীপুর মহানগরী এলাকায় ফৌজদারি বিচারকার্য পরিচালনায় মেট্রোপলিটন আদালত স্থাপন না হওয়া পর্যন্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারিক দায়িত্বে থাকবে।

বিলে বাহিনী গঠন, বাহিনীর তত্ত্বাবধান, পুলিশ কমিশনার নিয়োগ, অধঃস্তন পুলিশ কর্মকর্তা নিয়োগ, বদলি, সহায়ক কর্মকর্তা নিয়োগ, বাহিনীর প্রশাসন, অধঃস্তন পুলিশ কর্মকর্তাদের শাস্তি, পুলিশ কর্মকর্তার ক্ষমতা ও কর্তব্য, জনগণ ও গ্রেফতাকৃত ব্যক্তিদের প্রতি পুলিশ কর্মকর্তার কর্তব্য, রাস্তায় পুলিশ কর্মকর্তার কর্তব্য, পুলিশ কর্মকর্তার আইন-সঙ্গত নির্দেশ মানা, নির্দেশ কার্যকর করায় পুলিশ কর্মকর্তার ক্ষমতা, তথ্য সরবরাহের ক্ষমতা, সন্দেহভাজন ব্যক্তিকে রাস্তায় তল্লাশির ক্ষমতা, বেওয়ারিশ সম্পত্তির দায়িত্ব গ্রহণ ও বিলিবন্টন, অসুস্থ ও অক্ষম জীবজন্তু নিধন, পরিমাপযন্ত্র ও দাড়িপাল্লা তল্লাশি, পরীক্ষা ও আটকসহ সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করা হয়।

এছাড়া বিলে পুলিশ কমিশনারের ক্ষমতা,জনসাধারণকে নির্দেশ প্রদানের ক্ষমতা, বিশৃঙ্খলা রোধ,জনস্বার্থে জনসমাবেশ ও মিছিল নিষিদ্ধকরণ, গান-বাজনা ইত্যাদি নিয়ন্ত্রণ, দাঙ্গা ইত্যাদি বন্ধ করা, চিত্তবিনোদনের স্থান ও জনসভায় গোলযোগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, জননিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থা গ্রহণ, কতিপয় অপরাধের জন্য দন্ড ভোগকারী ব্যক্তির অপসারণ,অপরাধ, দন্ড ও কার্যপদ্ধতি, বিনাপরোয়নায় গ্রেফতারসহ সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে ১৫ দিনের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য বিলটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন