
নিউজ ডেস্কঃ আজ সোমবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী।১৯৪৮ সালে প্রতিষ্ঠিত আনসার বাহিনীর রয়েছে গৌরবময় ইতিহাস।প্রতিষ্ঠার পর থেকে আনসার বাহিনী দেশের জনগণ এবং সম্পদের নিরাপত্তা বিধানে কাজ করে যাচ্ছে। বৃহৎ ও সুশৃঙ্খল এ বাহিনীর সদস্যদের দেশপ্রেম ও দায়িত্বশীলতা অত্যন্ত প্রশংসনীয়।আনসার সদস্যরা মুক্তিযুদ্ধের শুরুতে অস্ত্রাগারের চল্লিশ হাজার রাইফেল মুক্তিযোদ্ধাদের বিতরণ করে। ১৯৭১ এর ১৭ এপ্রিলে মেহেরপুরের আম্রকাননে বাংলাদেশের প্রথম সরকারের শপথ অনুষ্ঠানে সরকার প্রধানকে আনসার বাহিনীর ১২ জন সদস্য গার্ড অব অনার প্রদান করে।মহান মুক্তিযুদ্ধে শহীদ হন ৬৭০ জন আনসার সদস্য।প্রতিষ্ঠাবার্ষিকী এবং জাতীয় সমাবেশ উপলক্ষে বাহিনীর সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী এবং ৩৮তম জাতীয় সমাবেশ উপলক্ষে এক বাণীতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন,প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনী বাংলাদেশের ইতিহাস, উত্তরণ ও সফলতা সবকিছুর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে।এ বাহিনীর কর্মদক্ষতা এবং সেবা জাতির ইতিহাসকে করেছে সমৃদ্ধ।মহান মুক্তিযুদ্ধের চেতনা ও সেবার মহান আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করার জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।মহান মুক্তিযুদ্ধে এ বাহিনীর ৬৭০ জন সদস্য জীবন উৎসর্গ করেন উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতার সূর্যসন্তান বীর আনসার সদস্যদের আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি।মানবসম্পদ উন্নয়নেও এই বাহিনীর রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। বিশেষ করে যুব ও নারী সমাজকে বিভিন্ন পেশায় বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করে বিশাল জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বাণীতে তিনি বলেন,বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং জাতীয় সমাবেশ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সরকারের রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) আরও অগ্রণী ভূমিকা পালন করবে।বাংলাদেশ আজ ধারাবাহিক উন্নয়নের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ সরকার আর্থসামাজিক, আইনশৃঙ্খলা, অবকাঠামো, যোগাযোগ, স্থানীয় সরকার ব্যবস্থা, বিদ্যুৎ ও জ্বালানিসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধন করেছে।সরকারের এ সকল উন্নয়ন ও সাফল্যের অন্যতম অংশীদার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।