
নিউজ ডেস্কঃ রাজধানীর কাজীপাড়া এলাকা থেকে নব্য জেএমবির এক নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গ্রেপ্তার হওয়া নব্য জেএমবির নারী সদস্যের নাম আসমাউল হুসনা ওরফে সুমনা (২২)। আজ মঙ্গলবার ১৩ ফেব্রুয়ারি ডিএমপির সহকারী কমিশনার (এসি) সুমন কান্তি চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। সিটিটিসি সূত্র জানায়,গত ৯ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ায় এক ব্যক্তিকে ছুরিকাঘাতের ঘটনায় মোমেনা সোমা (২৪) নামে এক বাংলাদেশি নারী শিক্ষার্থীকে আটক করে স্থানীয় পুলিশ।
এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য সিটিটিসি সদস্যরা গত ১১ ফেব্রুয়ারি কাজীপাড়াস্থ মোমেনার বাসায় যান। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মোমেনার ছোট বোন সুমনা আকষ্মিকভাবে সিটিটিসির এক সদস্যকে ছুরিকাঘাত করে। এ সময় তাৎক্ষণিকভাবে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির সহকারী কমিশনার (এসি) সুমন কান্তি চৌধুরী বলেন,সুমনার বাসায় তল্লাশি চালিয়ে একটি চাকু,একটি ল্যাপটপ ও দুটি মোবাইল জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমনা নিজেকে নব্য জেএমবির একজন সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। অনলাইনে বিভিন্ন ভিডিও এবং ফেসবুক পেইজ থেকে উদ্বুদ্ধ হয়ে সে নব্য জেএমবির সদস্য হয়েছে বলেও জানান এসি সুমন কান্তি চৌধুরী।