
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. গওহর রিজভী বলেন, স্বাধীনতার সময় বাংলাদেশের দারিদ্র্যতার হার ছিল ৮০% আর এখন আমরা ২১% এ এসে গেছি।আমার বিশ্বাস আগামী তিন বছরের মধ্যে দারিদ্র্যের হার আমরা ১০% এর নিচে নিয়ে আসবো।আজ মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠে তিন দিনব্যাপী বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রফেসর ড. গওহর রিজভী দেশের উন্নয়নের জন্য আগামী নির্বাচনে আওয়ামী লীগ সরকারের সঙ্গে থাকার আহ্বান জানিয়ে বলেন, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি এ সরকার আবার ক্ষমতায় থাকলে আমাদের দেশের চেহারা বদলে যাবে। আমাদের ছেলে মেয়েদের বিদেশে যাওয়ার প্রয়োজন হবে না। এ দেশেই তাদের জন্য সুযোগ হবে এবং বাবা মায়েদের সঙ্গে থেকে কাজ করতে পারবে।পরে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. গওহর রিজভী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে খাস জমির কাগজ বিতরণ, একজন মেধাবী শিক্ষার্থীকে এক লাখ টাকার চেক প্রদান, ক্রীড়া সংস্থার বিভিন্ন ক্লাবে অনুদান প্রদান, বীরাঙ্গনা মাতা টেপরি রাণীর জন্য নির্মিত নতুন ঘরের চাবি হস্তান্তর, নতুন বইয়ের মোড়ক উম্মোচন ও বেলুন উড়িয়ে বই মেলার উদ্বোধন করেন।