
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি বলেছেন, বিএনপি নেতা তারেক রহমান লন্ডনে বসে যে ষড়যন্ত্র করছেন তা বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। আজ বৃহস্পতিবার রাজধানীর শ্যামলীর সূচনা কমিউনিটি সেন্টারে মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের নবীনবরণ ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাহাঙ্গীর কবির নানক বলেন,বিএনপি গত সংসদ নির্বাচন বানচাল ও পরবর্তী সময়ে সরকার পতনের আন্দোলনের নামে নীল নকশার মাধ্যমে অগ্নিসন্ত্রাস ও পেট্রল বোমা দিয়ে দেশকে ক্ষত-বিক্ষত করেছিল।
নানক আরো বলেন,বিএনপির পেট্রলবোমা হামলা করে নিরীহ মানুষকে হত্যার ধারাবাহিকতা হিসেবে তারা (বিএনপি) যুক্তরাজ্যের লন্ডনের বাংলাদেশ দূতাবাসে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুস সালাম হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এম এ সাত্তার। পরে নানক কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।