
নিউজ ডেস্কঃ নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন,বর্তমান সরকার সব দলকে সঙ্গে নিয়েই নির্বাচন করতে চায়। তবে ২০১৪ সালে নির্বাচনে না এসে বিএনপি যে ভুল করেছে, সেটার খেশারত তারা এখনও দিচ্ছে। আশা করছি,আগামী নির্বাচনে তারা এমন ভুল করবে না। আজ শুক্রবার সকালে মাদারীপুরে চরমুগরিয়া মার্চেন্টস বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ইন্ডিয়ান হাইকমিশনের অর্থায়নে নতুন ভবনের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। নৌমন্ত্রী বলেন,আদালতের সিদ্ধান্তের ওপর কারো হাত নেই। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত আসামি খালেদা জিয়ার রায়ের সার্টিফায়েড কপি পেতে কেন দেরি হচ্ছে,এ বিষয়ে আদালতই ভালো বলতে পারবেন। এখানে সরকারের কোনো হাত নেই। বিএনপি অযথা সরকারের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে। এ সময় উপস্থিত ছিলেন, মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, সদর থানার ওসি কামরুল হাসান, মাদারীপুর পৌরসভার ৮নং ওয়ার্ড সদস্য খলিল বেপারী প্রমুখ।