
নিউজ ডেস্কঃ পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন,বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এদেশের তরুণরা বিদেশে পড়াশোনা শেষে ফিরে আসছে এবং উদ্যোক্তা হিসাবে নিজেদের স্বকীয়তার প্রমাণ দিচ্ছে। অনদিকে,প্রবাসীদের রেমিট্যান্সও দেশের অর্থনীতিতে প্রাণ সঞ্চার করছে। আজ রবিবার সচিবালয়ে সফররত বিশ্বব্যাংক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি বাংলাদেশের উন্নয়ন,পানি সম্পদ ব্যবস্থাপনা,টেকসই পরিবেশ ও সার্বিক উন্নয়ন প্রসঙ্গে আলোচনা করেন।
তিনি বলেন,বাংলাদেশ এখন দ্রুত প্রবৃদ্ধি অর্জনের দেশ। উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সরকার বিশেষ জোর দিচ্ছে। যদিও বাজেট পেশের কয়েক মাসের মাথায় তা সংশোধন করা হয়। প্রকল্পগুলো সঠিক সময়ে বাস্তবায়ন সম্ভব হয় না। কিন্তু কেন এরকম হয়- সে বিষয়টিও খুঁজে দেখা জরুরি। এটি আমাদের আধাসামন্তবাদ সমাজ ব্যবস্থারও ফল। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে হলে আমাদের মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। প্রকল্প বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন,সরকারি কর্মকর্তা তথা প্রকল্প বাস্তবায়নের সঙ্গে জড়িতরাই তাদের কাজটি ঠিকমত করবেন। মন্ত্রী হিসাবে আমি সহায়ক পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নিতে পারি। মন্ত্রণালয়ের যেকোনো বিষয়ে যে কেউ খোলামেলা আলোচনা করতে পারে। আমাদের পানি উন্নয়ন বোর্ড রয়েছে। তাদের নিজেদেরও কর্মপরিকল্পনা বাস্তবায়নে প্রস্তুতি থাকতে হবে। এ সময় উপকূলীয় অঞ্চলের লবনাক্ততা, সুপেয় পানি সরবরাহ, তিস্তা ও ফেনীর মুহূরী নদী নিয়ে আলোচনা হয়।
বিশ্বব্যাংকের সিনিয়র ডিরেক্টর ও প্রতিনিধিদলের প্রধান কেরিন কেম্পার পরিবেশ ও পানির আন্তঃসংযোগের কথা তুলে ধরে বলেন,উন্নয়নের জন্য পানি সম্পদের গুরুত্ব ব্যাপক। এ সময় পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. জাফর আহমেদ খান, অতিরিক্ত সচিব (উন্নয়ন) মোহাম্মদ ইউসুফ,পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী হাবিবুর রহমান, পরিবেশ মন্ত্রণালয়ের উপসচিব শামসুল হক, বিশ্বব্যাংকর কর্মকর্তা ও প্রতিনিধিদলের সদস্য কেসিনিয়া লভস্কি, রাজশ্রী পারাকার, নাদিয়া শারমিন, মিলেন ডিউলজেরভ, ইশতিয়াক সোবহান প্রমুখ উপস্থিত ছিলেন।