
নিউজ ডেস্কঃ দীর্ঘ চার বছর ভূ-মধ্যসাগরে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের আওতায় লেবাননে সফলভাবে দায়িত্ব পালন শেষে দেশে ফিরেছে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘আলী হায়দার’ ও ‘নির্মূল’। গতকাল রোববার জাহাজ দুইটি চট্টগ্রামস্থ নেভাল জেটিতে আগমন করলে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, রিয়ার এডমিরাল এম আবু আশরাফ, বিএসপি, এনসিসি, পিএসসি। এ সময় চট্টগ্রাম নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডাররা উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও জাহাজে আগত কর্মকর্তা ও নাবিকদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ভূ-মধ্যসাগরে মাল্টিন্যাশনাল মেরিটাইম টাস্ক ফোর্সের আওতায় জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নিতে ২০১৪ সালের মে মাসে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ আলী হায়দার ও নির্মূল লেবাননে যায়। শান্তিরক্ষা কার্যক্রমে যোগদানের পর থেকে জাহাজ দুটি লেবানীজ জলসীমায় মেরিটাইম ইন্টারডিকশন অপারেশন, সন্দেহজনক জাহাজ ও এয়ারক্রাফ্ট এর উপর নজরদারী, দুর্ঘটনা কবলিত জাহাজে উদ্ধার তৎপরতা এবং লেবানীজ নৌবাহিনীর সদস্যদের প্রশিক্ষণ প্রদান করে। লেবাননে অবস্থানকালে গত চার বছরে জাহাজ দুটিতে পর্যায়ক্রমে বাংলাদেশ নৌবাহিনীর ১১৪০ জন সদস্য অত্যন্ত দক্ষতা, পেশাদারিত্ব, আন্তরিকতা ও শৃঙ্খলার সাথে অর্পিত দায়িত্ব পালন করেন। লেবাননের স্থিতিশীলতা ও জলসীমার নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় গত ২১ ডিসেম্বর ২০১৭ তারিখে অনুষ্ঠিত ব্যানকন-৮ এর মেডেল প্যারেডে উক্ত জাহাজ দুটির ২৭০ জন নৌ সদস্যকে জাতিসংঘ শান্তিরক্ষা পদক প্রদান করা হয়।