News71.com
 Bangladesh
 19 Feb 18, 11:15 AM
 135           
 0
 19 Feb 18, 11:15 AM

বাংলাদেশকে রাজনৈতিক ও মানবিক সমর্থন অব্যাহত রাখার আশ্বাস যুক্তরাষ্ট্রের।।

বাংলাদেশকে রাজনৈতিক ও মানবিক সমর্থন অব্যাহত রাখার আশ্বাস যুক্তরাষ্ট্রের।।

নিউজ ডেস্কঃ রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশকে রাজনৈতিক ও মানবিক সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। গত শুক্রবার ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. শহিদুল হকের সঙ্গে বৈঠকে এ আশ্বাস দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উপসহকারী লিসা কার্টিস। তিনি হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক জ্যেষ্ঠ পরিচালকও। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস গতকাল রোববার এ তথ্য জানায়। এতে আরও বলা হয়,বৈঠকে লিসা কার্টিস বলেন,মিয়ানমার থেকে বিতাড়িত ১০ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের গভীর প্রশংসা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কার্টিস বাংলাদেশের পররাষ্ট্রসচিবের অনুরোধে যুক্তরাষ্ট্রের ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় কৌশলের বিভিন্ন দিকও বৈঠকে বিস্তারিত তুলে ধরেন। এ ছাড়া তাঁরা দ্বিপক্ষীয়,আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

কার্টিসের সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্রসচিব মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর উপসহকারী মন্ত্রী অ্যালিস ওয়েলসের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় ওয়েলস বলেন,যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন রোহিঙ্গা ইস্যু সম্পর্কে সম্পূর্ণ অবগত। তিনি এই জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করেন। পররাষ্ট্রসচিব সর্বশেষ সাক্ষাৎ করেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের জনসংখ্যা,শরণার্থী ও অভিবাসনবিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত সহকারী মন্ত্রী মার্ক স্টোরেলার সঙ্গে। তিনি রোহিঙ্গা সংকট মোকাবিলায় জোরালো সমর্থনের জন্য যুক্তরাষ্ট্রকে অভিনন্দন জানান। আর মার্ক স্টোরেলা বলেন,রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন