
নিউজ ডেস্কঃ দক্ষিণ কোরিয়ার সঙ্গে চট্টগ্রামের পণ্যবাহী জাহাজ চলাচল শুরু হচ্ছে। কোরিয়া-চীন-বাংলাদেশ (কেসিবি) নামের সার্ভিসটি দেশে প্রথম চালু করছে কোরিয়ান শিপিং কম্পানি ‘হুন্দাই মার্চেন্ট মেরিন’। আগামী ২৫ ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দর থেকে প্রথম জাহাজটি দক্ষিণ কোরিয়ার ভুসান বন্দরের উদ্দেশে রওনা দেবে। মাঝপথে সিঙ্গাপুর ও তাইওয়ানের কেউশিয়াং এবং চীনের সাংহাই বন্দরকে সংযুক্ত করবে। নতুন সার্ভিসের ফলে সিঙ্গাপুর ও কলম্বো বন্দরের পরিবর্তে সরাসরি পণ্য চট্টগ্রাম বন্দরে পৌঁছবে। গার্মেন্টশিল্পের যন্ত্রপাতি আমদানিতে বিপুল সময় ও অর্থের সাশ্রয় হবে। হুন্দাই মার্চেন্ট মেরিন’-এর দেশীয় শিপিং এজেন্ট কনটিনেন্টাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আহসান ইকবাল চৌধুরী বলেন,ট্রানজিট বন্দরগুলোতে চট্টগ্রামমুখী পণ্য আসতে এখন এক মাস সময় লাগছে,সেটি ঝামেলা এড়ানো এবং দেশের গার্মেন্ট ব্যবসায়ীদের আমদানীকৃত পণ্য অত্যন্ত কম সময়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছাতেই এই সার্ভিস চালু করা হচ্ছে।
ইকবাল চৌধুরী বলেন,এই সার্ভিসে কোরিয়া থেকে চট্টগ্রাম আসতে লাগবে মাত্র ১৪ দিন। একই সঙ্গে পণ্য পরিবহন খরচও ৩০ শতাংশ সাশ্রয় হবে। এরই মধ্যে নতুন সার্ভিসের প্রথম জাহাজে ফুল বুকিং হয়ে গেছে। শিপিং সার্ভিস চালুর উদ্যোক্তারা জানান,কোরিয়া-চীন-বাংলাদেশ (কেসিবি) নামের সার্ভিসে প্রতি সপ্তাহে দুটি কনটেইনার জাহাজ চলবে। পরবর্তী সময়ে এই রুটে চলাচলকারী জাহাজের সংখ্যা পাঁচটিতে উন্নীত হবে। নতুন সার্ভিসটি হচ্ছে চট্টগ্রাম বন্দর-সিঙ্গাপুর বন্দর-তাইওয়ানের কেউশিয়াং-কোরিয়ার ভুসান বন্দরে পৌঁছবে। আর ফিরতি পথে চীনের নিমবো-সাংহাই বন্দর হয়ে সিঙ্গাপুর বন্দর হয়ে আবারও চট্টগ্রাম বন্দর আসবে।
আসা-যাওয়ার পথে সিঙ্গাপুর বন্দর যুক্ত করার কারণ হিসেবে আহসান ইকবাল বলছেন,দুই পথেই সিঙ্গাপুর বন্দরের সামনে দিয়েই যেতে হবে,সেই সুযোগকে কাজে লাগানো হয়েছে। সেখানে জাহাজে স্থান খালি থাকলেই শুধু সুযোগটি নেওয়া হবে। সার্ভিসটির সুফল নিয়ে দেশের শীর্ষ শিল্প গ্রুপ পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন বলেন,বর্তমানে কোরিয়ার সঙ্গে সরাসরি কোনো জাহাজ সার্ভিস চালু নেই। তাই অনেক আগে থেকেই কোরিয়া থেকে এইচ আর কয়েল ও জিংক আমদানি করছি খোলা জাহাজেই।