News71.com
 Bangladesh
 20 Feb 18, 10:52 AM
 453           
 0
 20 Feb 18, 10:52 AM

বাংলাদেশের শেয়ারবাজার উন্নয়নে নজর দিচ্ছে বিশ্বব্যাংক ।।  

বাংলাদেশের শেয়ারবাজার উন্নয়নে নজর দিচ্ছে বিশ্বব্যাংক ।।   

নিউজ ডেস্কঃ চীন ও ভারতের পর এবার দেশের পুঁজিবাজারে নজর পড়েছে ওয়াশিংটনভিত্তিক ঋণ দাতা সংস্থা বিশ্বব্যাংকের। তবে পার্শ্ববর্তী দেশ দুটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ার কেনার প্রতিযোগিতায় নামলেও বিশ্বব্যাংক সে পথে হাঁটছে না। সংস্থাটি বরং পুঁজিবাজারের উন্নয়নে সহায়তা করতে চায়। সম্প্রতি পুঁজিবাজার সম্পর্কে নিজেদের পর্যালোচনাসহ অর্থ মন্ত্রণালয়ে এ সংক্রান্ত একটি প্রস্তাবনা পাঠিয়েছে সংস্থাটি। মূলত তিনটি উদ্দেশ্য সামনে রেখে বিশ্বব্যাংক মিশন কাজ করতে চায়। প্রথমত,সমমূলধন ও ঋণভিত্তিক সম্পদের মাধ্যমে সরকারি ও বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলোকে সহায়তা প্রদান এবং নিয়ন্ত্রক সংস্থা ও বাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা পর্যালোচনা করা; দ্বিতীয়ত, পুঁজিবাজার উন্নয়নে প্রকল্প পরিকল্পনা প্রণয়নে সহায়তা দেওয়া এবং তৃতীয়ত, দীর্ঘমেয়াদি ঋণ উপকরণ,স্পেশাল পারপাস বন্ড,নন-সভেরিন বন্ড,বিভিন্ন সিকিউরিটাইজেশনসহ পুঁজিবাজারের অবকাঠামোগত প্রকল্পে নিয়ন্ত্রক সংস্থার কার্যক্রম ও সক্ষমতা বাড়াতে সহায়তা করা।

এ লক্ষ্যে চলতি বছরের প্রথমার্ধে ঢাকায় একটি সম্মেলন করার বিষয়েও আগ্রহ প্রকাশ করেছে আইএফসি-বিশ্বব্যাংক গ্রুপ। এ বিষয়ে জানতে চাইলে অর্থ মন্ত্রণালয়ের সচিব মুসলিম চৌধুরী বলেন,পুঁজিবাজারের উন্নয়নে বিশ্বব্যাংক কাজ করতে চায়। এই বিষয়টিকে আমরা ইতিবাচক দৃষ্টিতে দেখছি। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব অরিজিৎ চৌধুরী বলেন,পুঁজিবাজারের উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এ অবস্থায় আইএফসি-বিশ্বব্যাংক গ্রুপও বলছে,এডিবির সঙ্গে সমন্বয় করে তারা পুঁজিবাজারের উন্নয়নে কাজ করবে। এ লক্ষ্যে তারা কিছু পর্যবেক্ষণ তুলে ধরে আমাদের কাছে একটি ‘এইড মেমোয়ার’ পাঠিয়েছে। তবে তারা কী ধরনের কাজ করতে চায় সে বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব এখনো আমাদের কাছে আসেনি। এ বিষয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) মাধ্যমে বিশ্বব্যাংক গ্রুপ প্রস্তাব পাঠালে তখন আমরা বিবেচনা করে দেখব তাদের সহায়তা কীভাবে নেওয়া যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন