
নিউজ ডেস্কঃ এবারও বাড়ছে বৃষ্টিহীন বৈশাখী দিন। তাপমাত্রা বেড়ে ওঠবে ৪০ ডিগ্রি সেলসিয়াসেরও ওপরে। দেশের ওপর বয়ে যাবে তীব্র তাপপ্রবাহ।আবহাওয়া অধিদফতর বলছে, এপ্রিল মাসেই এমন অবস্থার মুখোমুখি হবেন দেশবাসী।মধ্য এপ্রিলেই শুরু হবে গ্রীষ্মকাল।যদিও এর আগেই কালবৈশাখী ঝড় শুরু হবে বলে জানিয়েছে সংস্থাটি।আবহাওয়া অধিদফতর পরিচালক সামছুদ্দিন আহমেদ’র তৈরি করা তিনমাসের এক দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, এপ্রিল মাসে স্বাভাবিকের চেয়ে একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।বঙ্গোপসাগরে ১ থেকে ২টি নিম্নচাপের সৃষ্টি হয়ে একটি রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে।তবে এ মাসের দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে একটি তীব্র তাপপ্রবাহ (৪০ ডিগ্রির ওপরে তাপমাত্রা) এবং অন্যত্র ১ থেকে ২টি মাঝারি (৩৮ ডিগ্রি থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা) এবং ১ থেকে ২টি মৃদু তাপপ্রবাহ (৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা) বয়ে যাবে।
মূলত মার্চের শেষের দিক থেকেই ব্যারোমিটারের পারদ ওপরে ওঠতে থাকবে তরতর করে। এমাসেই তাপমাত্রা বেড়ে ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার সম্ভাবনা রয়েছে।অন্যদিকে চৈত্র মাস অর্থাৎ মার্চের শেষ থেকে এপ্রিল মধ্যভাগ জুড়েই রয়েছে তীব্র কালবৈশাখী এবং তীব্র বজ্রঝড়ের আশঙ্কাও।গত বছরও গ্রীষ্মের শুরুতে অর্থাৎ বৈশাখ মাসে বৃষ্টির দেখা পাওয়া যায়নি। দেশের ওপর দিয়ে বয়ে গেছে বেশ কয়েকটি তীব্র তাপপ্রবাহ। জ্যৈষ্ঠ মাসেও ছিল কাঠফাটা রোদ।