
নিউজ ডেস্কঃ আমি বাঙালি এটা আমার অহংকার,কাটা তারের বেড়া আমাদের বন্ধনকে আটকাতে পারবে না। আগামী ২০ বছরের মধ্যে দুই বাংলা এক হয়ে যাবে- এসব কথা বললেন ভারতের পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ মন্ত্রী জ্যোতি প্রিয় মল্লিক। মহান শহীদ দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ বুধবার বেনাপোল চেকপোস্ট নোমান্সল্যান্ড এলাকায় একত্রিত হয়ল দুই বাংলার মানুষ,রাজনৈতিক ,সামাজিক, ব্যবসায়ীক ও সংস্কৃতিক দল এবং সরকারের প্রতিনিধিরা। দু’দেশের বেনাপোল ও বনগাও পৌর সভা যৌথভাবে এই মিলন মেলার আয়োজন করেন।
আজ সকাল ৯টায় নোমান্স ল্যান্ডে নির্মিত অস্থায়ী শহীদ বেদিতে প্রথমে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ভারতের পশ্চিমবঙ্গ সরকারের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক,অনগ্রসর শ্রেণি কল্যাণ মন্ত্রী শ্রী উপেন্দ্র নাথ বিশ্বাস ও বাংলাদেশের আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এসএম কামাল হোসেন,সহ-সম্পাদক আব্দুল মজিদ, বেনাপোল বন্দরের পরিচালক নিতাই চন্দ্র সেন, পশ্চিমবঙ্গের বনগাও অঞ্চলের সাংসদ মমতা ঠাকুর, উত্তর ২৪ পরগনা জেলার সভাধিপতি শ্রীমতি রহিমা মণ্ডল, বিধায়ক বিশ্বজিৎ দাস, বনগাও পৌরসভার মেয়র শংকর আঢ্য ,উওর ২৪ পরগনা জেলা পরিষদের সভাপতি রহিমা মণ্ডল ও ভাইস চেয়ারম্যান গোপাল ব্যানার্জি।
এ ছাড়াও শতস্ফূর্তভাবে এ অনুষ্ঠানে অংশ নেয় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য পিযুস কান্তি ভট্রাচার্য্য, বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন,যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, শিল্পী জয়ন্ত চট্রপাধ্যায়, কিরন চন্দ্র রায় ও ফাতেমাতুজ্জোহরা উভয় দেশের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনগুলো। সবাই একই মঞ্চে গাইলেন ভাষা শহীদদের স্মরণে বাংলার জয়গান। আর নেতারা শ্রদ্ধা জানাতে হাতে হাত রেখে ঊর্ধ্বে তুলে ধরলেন বাংলা ভাষাকে। এ ছাড়াও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যৌথভাবে দুই দেশের জাতীয় পতাকা উড়িয়ে প্রতিবারের ন্যায় এবারও দিবসটি পালন করল দুই বাংলার মানুষ। দুই দেশের সীমান্ত এলাকায় নানা রং এর ফেস্টুন, ব্যানার, প্লেকার্ড, আর ফুল দিয়ে বর্নিল সাজে সাজানো হয় নোম্যান্সল্যান্ড এলাকা।
দু’দেশের সীমান্ত রেখা ভুলে গিয়ে নিরাপওা বেস্টনি পেরিয়ে ভাষা প্রেমীরা ছুটে আসে। এ সময় প্রত্যকে একে-অপরকে বুকে জড়িয়ে ধরে আবেগ আপ্লুত হয়ে পড়ে। ফুলের পাপড়ি ছিটিয়ে মিস্টি বিতরন করে একে-অপরকে। এই মিলনমেলার কারণে এদিন বেনাপোল ও পেট্রাপোল চেকপোস্টে হাজার হাজার মানুষের ঢল নামে। এ সময় ক্ষণিকের জন্য হলেও স্তব্ধ হয়ে যায় আন্তর্জাতিক সীমারেখা। এই আবেগপ্রবণ মূহুর্তে ফুলের মালা ও জাতীয় পতাকা বিনিময় করে উভয় দেশের মানুষ। পাশাপাশি বিজিবি ও বিএসএফ একে-অপরকে জাতীয় পতাকা ও ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। এরপর দু’দেশের জাতীয় পতাকা উড়িয়ে হাজার হাজার ভাষাপ্রেমী মানুষ দিবসটি উদযাপন করে।
দিবসটি উদযাপনকালে দুই বাংলার নামী দামি শিল্পীদের মধ্যে ভারতের শীর্ষুন্দ মুখোপাধ্যায়,সঞ্জিব চট্রপাধ্যায় ও অনুপম রায় ও বাংলাদেশের জাতীয় সংগীত শিল্পী ফাতেমাতুজ্জোহরা,ও কিরন চন্দ্র রায় ২১ এর সংগীত পরিবেশন ও আবৃতি করেন। এদিকে সমগ্র অনুষ্ঠানে নজিরবিহীন নিরাপত্তা নেওয়া হয়। একইসঙ্গে দুই সীমান্তে কড়াকড়ি আরোপ করা হয়। বেনাপোল-পেট্রাপোল চেকপোস্টে যাতে কেউ প্রবেশ করতে না পারে সেজন্য দুই সীমান্তেই অতিরিক্ত সদস্য মোতায়েন করে বিজিবি ও বিএসএফ। এমনকি সীমান্ত টপকে যাতে কেউ অবৈধভাবে প্রবেশ করতে না পারে সেজন্য কাঁটাতারের বেষ্টনী ও বাশের বেড়া দিয়ে কঠোর নিরাপওা ব্যবস্থা গড়ে তোলা হয়।