
নিউজ ডেস্কঃ আজ শনিবার থেকে শুরু হচ্ছে জাটকা সংরক্ষণ সপ্তাহ।এ সপ্তাহের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে- জাটকা ধরে করব না শেষ, বাঁচবে জেলে হাসবে দেশ।২৪ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করা হবে।উপকূলীয় এলাকাসহ ইলিশ সমৃদ্ধ নদী অববাহিকার পাঁচ লক্ষাধিক মৎস্যজীবীর জীবন-জীবিকা বহুলাংশে ইলিশের ওপর নির্ভরশীল।সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় জাটকা আহরণ নিষিদ্ধকালীন ২৩৮,৬৭৩টি পরিবার এবং মা ইলিশ আহরণ নিষিদ্ধকালীন ৩৫৬,৭২৩টি পরিবারকে মাসিক ৪০ কেজি ভিজিএফ খাদ্য সহায়তা হিসেবে প্রদান করা হচ্ছে। জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে রাষ্ট্রপতি বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ।আবহমানকাল থেকেই ইলিশ বাঙালির সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। অর্থনৈতিক গুরুত্ব ও জনপ্রিয়তার মানদণ্ডেও একক প্রজাতি হিসেবে ইলিশের অবস্থান শীর্ষে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণীতে বলেন, জাতীয় মাছ ইলিশ আজ বাংলাদেশ ইলিশ নামে ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য।অনাদিকাল থেকেই আমাদের জাতীয় সংস্কৃতি, অর্থনীতি, কর্মসংস্থান ও আমিষের চাহিদা পূরণে এ মাছ অনন্য ভূমিকা রেখে আসছে।