
নিউজ ডেস্কঃ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপনির্বাচনে অংশগ্রহণকারী চার প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ শনিবার সকাল ১১টার দিকে গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে ও উৎসবমুখর পরিবেশে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার জি এম সাহাতাব উদ্দিন এ তথ্য জানান।আগামী ১৩ মার্চ গাইবান্ধা-১ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে সুন্দরগঞ্জ উপজেলার একটি পৌরসভা ও ১৫ ইউনিয়নের ভোটাররা ১০৯ কেন্দ্রে ভোট দেবেন।প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আফরোজা বারী নৌকা প্রতীক, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি লাঙ্গল প্রতীক, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) জিয়া জামান খাঁন আম প্রতীক ও গণফ্রন্টের শরিফুল ইসলাম মাছ প্রতীক পেয়েছেন।রিটার্নিং অফিসার জি এম সাহাতাব উদ্দিন বলেন, নির্ধারিত দিনে চার প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এখন থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন।সব প্রার্থীকে নির্বাচনি আচরণবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।