
নিউজ ডেস্কঃ মোবাইল গ্রাহকদের টেলিযোগাযোগ সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির জন্য পুরনো শর্টকোড ২৮৭২ বাতিল করে নতুন শর্টকোড ১০০ চালু করা হচ্ছে।বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) আগামীকাল সোমবার (২৬ ফেব্রুয়ারি) থেকে নতুন নম্বরটি চালু করবে বলে জানিয়েছেন সংস্থার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া উইং) মো. জাকির হোসেন খাঁন।সম্প্রতি অনুষ্ঠিত বিটিআরসির কমিশন সভায় নতুন নম্বরটি চালুর সিদ্ধান্ত হয়েছে জানিয়ে জাকির হোসেন গণমাধ্যমকে বলেন, সবাই যেন সহজে মনে রাখতে পারেন সেজন্য নতুন শর্টকোড ব্যবহার করা হয়েছে।
মোবাইল ফোন, ইন্টারনেটসহ টেলিযোগাযোগ সুবিধা ব্যবহারকারীরা ২৫ পয়সা প্রতি মিনিটে কল করতে পারবেন।শর্টকোডের মাধ্যমে অভিযোগ জানানোর সাতদিনের মধ্যে সমাধানের চেষ্টা করা হবে বলে এর আগে জানিয়েছিলো বিটিআরসি।তবে অপারেটরদের অভিযোগ জানানোর পর সেই ট্রাকিং নম্বর দিলে সেই অভিযোগ ২৪ ঘণ্টার মধ্যে সমাধানের চেষ্টা করবে বিটিআরসি।পূর্বের ঘোষণা অনুযায়ী, প্রথমে অপারেটরদের অনিষ্পত্তিকৃত অভিযোগ কল সেন্টার গ্রহণ, এরপর কল সেন্টার থেকে প্রাপ্ত অভিযোগ বিটিআরসির অভিযোগ ব্যবস্থাপনা সংক্রান্ত টাক্সফোর্স পরীক্ষা-নিরীক্ষা করে অপারেটরদের কাছে পাঠাবে।অপারেটর থেকে অভিযোগের সমাধান ও সর্বশেষ অবস্থা গ্রাহককে জানানো হবে।অভিযোগের সার্বিক বিষয়ে বিটিআরসির একটি উচ্চক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স তদারকি করবে।অভিযোগ জানাতে শর্টকোড ছাড়াও ই-মেইল, ওয়েব বক্স বা লিখিতভাবে অভিযোগ জানানোর প্রক্রিয়াও আছে। প্রাথমিকভাবে মোবাইল ফোন থেকে কল করার সুবিধা থাকলেও ল্যান্ডফোন থেকে এখনও চালু হয়নি।