
নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধুর খুনি এবং দণ্ডিত যুদ্ধাপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্তের জন্য চিহ্নিত করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।জাতীয় সংসদের আজ বুধবারের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধে ৩০ লাখ মানুষকে হত্যাকারী যুদ্ধাপরাধী-মানবতাবিরোধী ও রাজাকারদের কোনো সম্পত্তি স্বাধীন দেশে থাকতে পারে না, রাখার কোনো অধিকার নেই।বঙ্গবন্ধুর খুনি এবং দণ্ডিত যুদ্ধাপরাধীদের নামে-বেনামে থাকা সব স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রথম ধাপ হিসেবে তাদের সম্পত্তি চিহ্নিত করা হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।
আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেই রোহিঙ্গা সমস্যার সমাধান করতে চায় সরকার।পাশাপাশি মিয়ানমার সরকারের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে কূটনৈতিক উদ্যোগও নেওয়া হয়েছে।রোহিঙ্গাদের ফেরত পাঠাতে চুক্তি স্বাক্ষর হলেও এতে সময় লাগার কথাও বলেন শেখ হাসিনা।যে কোনো প্রত্যাবাসন প্রক্রিয়া জটিল ও দীর্ঘ মেয়াদী।রোহিঙ্গা প্রত্যাবাসনে চার মাসের মধ্যে তিনটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করা হয়েছে।এ প্রেক্ষিতে প্রত্যাবাসনের সাথে সংশ্লিষ্ট মাঠ পর্যায়ের প্রস্তুতিমুলক কার্যক্রম চলছে।সব প্রস্তুতি সম্পন্ন করে শিগগিরই রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু করা সম্ভব হবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন।