
নিউজ ডেস্কঃ নাইক্ষ্যংছড়ি ও তামরু সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে মিয়ানমার।ভারী অস্ত্র ও গোলাবারুদ নিয়ে সীমান্তে অবস্থান নিয়েছে দেশটির সেনা সদস্যরা।এ প্রেক্ষিতে সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।আজ বৃহস্পতিবার বিকেলে পিলখানায় বিজিবির সদর দপ্তরে এক তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিজিবির অতিরিক্ত মহা পরিচালক (অপারেশন) ব্রিগেডিয়ার জেনারেল মুজিবুর রহমান।
সংবাদ সম্মেলনে বিজিবির অতিরিক্ত মহা পরিচালক বলেন, বেশ কয়েকদিন যাবত সীমান্তে মিয়ানমার সেনা সদস্যরা জিরো পয়েন্টে থাকা রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত যেতে বাধা দিচ্ছে।এটি এক ধরনের পুশিং।মিয়ানমার ওই সীমান্তে সেনা মোতায়েন বৃদ্ধি করেছে, পাশাপাশি ভারী অস্ত্র ও গোলা-বারুদের সংখ্যাও বাড়িয়েছে।তাই আমাদের সীমান্তে বিজিবির পক্ষ থেকে জনবল বৃদ্ধি করা হয়েছে।আমরা সতর্ক অবস্থানে থেকে বিষয়টি পর্যবেক্ষণ করছি।যেকোন অস্থিতিশীল পরিস্থিতির উদ্ভব হলে বিজিবির সদস্যরা দেশ মাতৃকার তরে নিবেদিত প্রাণ থেকে দায়িত্ব ও কর্তব্য পালন করবে বলেও জানান ব্রিগেডিয়ার জেনারেল মুজিবুর রহমান।