
নিউজ ডেস্কঃ আমদানি-রপ্তানিতে অতিরিক্ত করের বোঝা দূর করতে দ্বৈত কর পরিহারের চুক্তি করেছে বাংলাদেশ ও মরক্কো। পাশাপাশি দু’পক্ষের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শক (এফওসি) বৈঠক আয়োজনে একটি নথিতেও সই করেছে দুই দেশ।গতকাল বুধবার মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত একটি দ্বিপাক্ষিক আলোচনা সভায় এ দু’টি চুক্তি-নথিতে সই করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী নাসের বোরিতা।
সভায় দুই দেশের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্য, বিনিয়োগ, কৃষি ও পর্যটন সংক্রান্ত সহোযোগিতা বাড়ানোর প্রস্তাবে সম্মত হন প্রতিনিধিরা। মাহমুদ আলী চলমান রোহিঙ্গা সংকটে পাশে থাকার জন্য মরক্কো সরকারকে ধন্যবাদ জানান। মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সার শিল্পের সম্ভাবনা ও প্রযুক্তিগত সহায়তার বিষয়ে আলোচনা করেন।সভায় আরও উপস্থিত ছিলেন মরক্কোয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন এবং ঢাকা ও রাবাতের শীর্ষ কর্মকর্তারা।