
নিউজ ডেস্কঃ চলতি বছরে পাঁচটি এবং আগামী বছর ফেব্রুয়ারির মধ্যে একটি অর্থাৎ মোট ছয়টি বড় আকারের নতুন জাহাজ বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) বহরে যুক্ত হবে।এগুলোর মধ্যে তিনটি প্রোডাক্ট অয়েল ট্যাংকার এবং তিনটি বাল্ক ক্যারিয়ার। জাহাজগুলোর মোট মূল্য এক হাজার চারশত আটচল্লিশ কোটি ৩২ লাখ ৫০ হাজার টাকা।নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে আজ নৌপরিবহণ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বিএসসি’র উন্নয়ন, আর্থিক ও প্রশাসনিক বিষয়ক সভায় এসব তথ্য জানানো হয়। সভায় জানানো হয়, প্রতিটি জাহাজের ধারণ ক্ষমতা ৩৯ হাজার ডেড ওয়েট টন (ডিডব্লিউটি)। এবছরের জুলাই ও আগস্টে দু’টি বাল্ক ক্যারিয়ার এবং নভেম্বর ও ডিসেম্বরে তিনটি প্রোডাক্ট অয়েল ট্যাংকার এবং ২০১৯ সালের ফেব্রুয়ারিতে একটি বাল্ক ক্যারিয়ার চীন থেকে বাংলাদেশে এসে পৌঁছাবে। চীন সরকারের অর্থায়নে সেদেশে জাহাজগুলোর নির্মাণ কাজ চলছে। গতবছরের অক্টোবরে জাহাজের ম্যাসিভ ফেব্রিকেশন অনুষ্ঠান চীনের শিপইয়ার্ডে সম্পন্ন হয়েছে। সভায় অন্যান্যের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ আবদুস সামাদ এবং বিএসসি’র নির্বাহী পরিচালক ইয়াসমিন আফসানা উপস্থিত ছিলেন।