
নিউজ ডেস্কঃ বাংলাদেশে তিন দিনের সরকারি সফর শেষ করে ঢাকা ছেড়ে গেছেন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট তাকিহিকো নাকাও।ঢাকা ছাড়ার আগে এক প্রেস ব্রিফিংয়ে তাকেহিকো নাকাও বাংলাদেশকে দেওয়া ঋণ সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।তিনি বলেন, বাংলাদেশের জিডিপি বাড়াতে এডিবি অবকাঠামো খাতে, বিশেষ করে বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি, যোগাযোগ ও নগর উন্নয়নে ঋণ সহায়তা অব্যাহত রাখবে।এর বাইরে এডিবি এফডিআই বাড়াতেও প্রয়োজনীয় সহায়তা দেবে।
এর আগে, গত সোমবার রাতে তিনদিনের সফরে ঢাকায় আসেন এডিবি প্রেসিডেন্ট।পরের দিন মঙ্গলবার তিনি ভৈরব ও আশুগঞ্জে এডিবি সহযোগিতায় পরিচালিত বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন।গত বুধবার এডিবি প্রেসিডেন্ট গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।পরে এডিবি ঢাকার আগাওগাঁওয়ের আবাসিক মিশনে প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন।সেখানে বাংলাদেশ চাইলে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে অর্থায়নের প্রস্তাব দেয় এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট।সরকার আনুষ্ঠানিক প্রস্তাব দিলে বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করারও আশ্বাস দেন তিনি।এ সময় বাংলাদেশে নিযুক্ত এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ উপস্থিত ছিলেন।