
নিউজ ডেস্কঃ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, খেলাঘর মুক্তিযুদ্ধের চেতনায় শিশু কিশোরদের উজ্জীবিত করে সুনাগরিক হিসাবে গড়ে তোলার আদর্শস্থান। সেই লক্ষ্যেই খেলাঘর শিশু কিশোরদের প্রশিক্ষিত করে গড়ে তুলছে।আগামী প্রজন্ম যাতে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস এবং রাজাকার আলবদর ও পাকিস্তানি দোসরদের অত্যচার নির্যাতন সম্পর্কে জানতে পারে সে জন্য পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।খেলাঘর জাতীয় শিশু কিশোর প্রশিক্ষণ ক্যাম্পের দ্বিতীয় দিনে চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে আজ শুক্রবার বিকালে তিনি এসব কথা বলেন।
খেলাঘর কেন্দ্রীয় কমিটির চেয়ারপার্সন অধ্যাপিকা পান্না কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নোয়াখালী-৩ বেগমগঞ্জ আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণ, নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডা. এ বি এম জাফর উল্যা, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আবদুল মান্নান, চৌমুহনী পৌর মেয়র আকতার হোসেন ফয়সল, নোয়াখালী জেলা প্রশাসক মাহবুবুল আলম তালুকদার প্রমুখ।