
নিউজ ডেস্কঃ ভারতের আন্দামান ও নিকবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারে আগামী ৬ থেকে ১৩ মার্চ অনুষ্ঠিত হবে দশম আন্তর্জাতিক নৌ-মহড়া মিলান ২০১৮। এতে অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ধলেশ্বরী আজ শনিবার দুপুরে চট্টগ্রাম নৌ-জেটি ত্যাগ করেছে।কমান্ডার বিএন ফ্লিট রিয়ার অ্যাডমিরাল এম আশরাফুল হক প্রধান অতিথি হিসেবে জাহাজটিকে আনুষ্ঠানিক বিদায় জানান।এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় উচ্চপদস্থ নৌ-কর্মকর্তা ও জাহাজের সঙ্গে যাওয়া কর্মকর্তা ও নাবিকদের পরিবার। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, আগামী ৬ থেকে ১৩ মার্চ আন্তর্জাতিক নৌ-মহড়া মিলানের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করবে ধলেশ্বরী। জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন এম মহব্বত আলীর নেতৃত্বে প্রশিক্ষণার্থী কর্মকর্তাসহ ১৫৭ জন নৌ-সদস্য থাকবেন এ মহড়ায়। মহড়ায় অংশগ্রহণ করবেন বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনীর জাহাজ, নৌ-পর্যবেক্ষক ও নৌ-সমর বিশারদরা। আন্তর্জাতিক নৌ-মহড়ায় জাহাজটির অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর প্রশিক্ষণার্থী কর্মকর্তা, ক্যাডেট ও নাবিকদের পেশাগত মানোন্নয়ন হবে বলে মনে করেন কমান্ডার বিএন ফ্লিট রিয়ার অ্যাডমিরাল এম আশরাফুল হক। পাশাপাশি বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে সামরিক সুসম্পর্ক জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন তিনি। মহড়া শেষে জাহাজটি আগামী ১৬ মার্চ দেশে ফিরবে।