
নিউজ ডেস্কঃ শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষিণাঞ্চলের প্রতি অত্যন্ত সদয়। এ কারণেই তিনি পদ্মা সেতু ও পায়রা বন্দর নির্মাণ কাজ শুরু করেছেন। পদ্মা সেতু ও পায়রা বন্দর নির্মাণের অর্থ হচ্ছে,দক্ষিণাঞ্চল হবে শিল্পায়নে উন্নত একটি এলাকা। এটি এক সময় দক্ষিণ পূর্ব এশিয়ার প্রাণকেন্দ্রে পরিণত হবে এবং আমাদের দেশের চেহারা সিঙ্গাপুরের মত হবে। এজন্য শেখ হাসিনাকে ক্ষমতায় রাখা প্রয়োজন। আজ শনিবার বিকেলে ঝালকাঠির নলছিটি পৌরসভার কান্ডপাশা এলাকায় ফিরোজা আমু স্কুল অ্যান্ড কলেজের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরকার তৃণমূলে আধুনিক শিক্ষার বিস্তার ঘটিয়েছে দাবি করে শিল্পমন্ত্রী বলেন, মান্ধাতার আমলের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটিয়ে তৃণমূলের প্রতিটি জনপদে আধুনিক ও বিজ্ঞানসম্মত শিক্ষার আলো পৌঁছে দেওয়ার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বর্তমান সরকার। কারিগরি শিক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন,কারিগরি শিক্ষার অভাবের কারণে আমাদের ছেলে-মেয়েরা বিদেশে গিয়ে অন্যদের সঙ্গে পাল্লা দিয়ে চলতে পারে না। তুলনামূলক কম মজুরি পায়। পদ্মা সেতু ও পায়রা বন্দর নির্মিত হলে দেশে অনেক শিল্প-কারখানা গড়ে উঠবে। এছাড়া দেশে ১০০টি অর্থনৈতিক জোন গঠন করা হবে। এসব কারণে কারিগরি শিক্ষায় শিক্ষিত অসংখ্য লোকের কর্মসংস্থান হবে। সবাইকে এ দিকে বিশেষ নজর রাখতে হবে।
বর্তমান সরকারকে শিক্ষা বান্ধব দাবি করে আমির হোসেন আমু বলেন,আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ দেশের শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে কাজ করেনি। জাতির পিতা বঙ্গবন্ধু স্বাধীনতার পর দেশের ৪০ হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছিলেন। এর দীর্ঘদিন পর শেখ হাসিনা ফের সাড়ে ২৭ হাজার স্কুলকে জাতীয়করণ,যুগোপযোগী শিক্ষানীতি প্রণয়নসহ নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করেছে। আগামী নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে শিল্পমন্ত্রী বলেন,সুখ-শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করাসহ আগামী নির্বাচনে নৌকা মার্কার বিজয় সুশ্চিত করতে হবে।